ছবি: এসআরবি-৯
সিলেটের কোম্পানীগঞ্জে ১০ বছর বয়সী নাতনিকে চড় মারার প্রতিবাদ করতে গিয়ে সংঘবদ্ধ হামলায় নানা আশিক আলী (৬৫) হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঢাকার তুরাগ থেকে গ্রেপ্তার করেছে এসআরবি-৯। গ্রেপ্তার আঙ্গুর আলী (৩৫) মামলার এজাহারনামীয় ১ নম্বর আসামি।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৫ মিনিটের দিকে ঢাকা জেলার তুরাগ থানার খালপাড় কাঁচাবাজার এলাকার মেসার্স রফিক এন্টারপ্রাইজের লাল মিয়ার দোকানের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-৯ সদর কোম্পানি ও এসআরবি-১ উত্তরা, ঢাকার একটি যৌথ দল এ অভিযান পরিচালনা করে।
এসআরবি-৯-এর দেওয়া তথ্যমতে, গত ২৮ অক্টোবর দুপুরে কোম্পানীগঞ্জে বাড়ির সামনে দিয়ে নদীতে গোসল করতে যাওয়ার সময় আশিক আলীর ১০ বছর বয়সী নাতনি মনিশা আক্তারকে চড় মারেন প্রতিবেশী দুদু মিয়া। পরে শিশুটির বাবা মারুফ আহমদ এ বিষয়ে জানতে চাইলে দুদু মিয়ার ছেলে জুবায়েদ মিয়া তাকে ছুরিকাঘাত করেন। এতে মারুফের ডান হাতের কব্জি জখম হয়।
এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা ও গালিগালাজ শুরু হলে ঝগড়া থামাতে এগিয়ে আসেন আশিক আলী। তখন প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে মাটিতে ফেলে বুক, পিঠ, তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয়। পরে পরিবারের সদস্যরা তাকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী রহিমা বেগম বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মামলায় আঙ্গুর আলীসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়।
এসআরবি-৯ জানায়, ঘটনার পর থেকে আসামিদের গ্রেপ্তারে ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। এর আগে গত ১৫ নভেম্বর একই মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামিকে গ্রেপ্তার করা হয়। সর্বশেষ আঙ্গুর আলীকে গ্রেপ্তারের পর পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
