https://www.emjanews.com/

20630

national

প্রকাশিত

১৭ নভেম্বর ২০২৬ ১৫:০৩

জাতীয়

সিলেটের আলোচিত সেই পুলিশ কর্মকর্তাকে ফের বদলি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬ ১৫:০৩

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল কুদ্দুছ চৌধুরীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হক।

রোববার (১৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে আবদুল কুদ্দুছ চৌধুরীসহ চার কর্মকর্তার বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ।

প্রজ্ঞাপন অনুযায়ী, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরীকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি), ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ শামসুল হককে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এবং পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি মিয়া মাসুদ করিমকে বিশেষ শাখায় (এসবি) বদলি করা হয়েছে।

এছাড়া বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ রাশিদুল ইসলাম খানকে শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৫ নভেম্বর চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতারের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছিলেন ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী।

সেদিন চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের তিনি জানান, এসপি জাহাঙ্গীর আলমের মুঠোফোনে ডিসেম্বরের মধ্যে আগের সরকারকে পুনর্বাসিত করা এবং ‘জান বাজি রেখে মাঠে নামার’ বিষয়ে দুটি বার্তা পাওয়া গেছে। এসব বার্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়েছে বলে জানান ডিআইজি।

এছাড়া এসপি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে প্রাথমিক অনুসন্ধান শেষে পুলিশ সদর দপ্তরে প্রতিবেদন পাঠানো এবং বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলার কথাও জানিয়েছিলেন তিনি।

এর আগে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) সাবেক পুলিশ কমিশনার আবদুল কুদ্দুস চৌধুরীকে গত ২১ জুলাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেট থেকে বদলি করে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদায়ন করা হয়। এখন তাঁকে চট্টগ্রাম রেঞ্জ থেকে বদলি করে ডিএমপিতে (ঢাকা মেট্রোপলিটন পুলিশ) অতিরিক্ত পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।