ছবি- সংগ্রহ
ইএন ডেস্ক: শাকিব খান অভিনীত ও রায়হান রাফী পরিচালিত আলোচিত সিনেমা ‘তাণ্ডব’ মুক্তির পর থেকেই দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ছবিটি নিয়ে চলছে টিকিট সংকট, বিশেষ করে মাল্টিপ্লেক্সে এখনো দর্শকের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। দর্শক আগ্রহের কারণে প্রেক্ষাগৃহগুলো এই সিনেমার প্রদর্শনী সংখ্যা বাড়িয়ে দিয়েছে কয়েকগুণ।
এই সফলতার মাঝেই হঠাৎ করে ছড়িয়ে পড়ে এক হতাশাজনক খবর ‘তাণ্ডব’-এর এইচডি কপি পাইরেসির মাধ্যমে ইউটিউবসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। খবরটি সামনে আসতেই নড়েচড়ে বসে প্রযোজনা সংস্থা।
সিনেমাটির অন্যতম প্রযোজক শাহরিয়ার করিম ভূঁইয়া (ওরফে শাহরিয়ার শাকিল) কপিরাইট আইনে ঢাকার বনানী থানায় একটি মামলা করেন। মামলার ভিত্তিতে গোয়েন্দা পুলিশ (ডিবি) দেশের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পাইরেসিতে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া তিনজন হলেন: নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা টিপু সুলতান (৩৫) , মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৬টায় মাইজদীর মোহাম্মদিয়া হোটেলসংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বেআইনিভাবে ‘তাণ্ডব’-এর সম্পূর্ণ এইচডি কপি বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইব্রাহীম জানিয়েছেন, টিপু তার দায় স্বীকার করেছেন। গ্রেফ্তার হয়া অপর দুজন হলেন সাদি সাদ , তাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করা হয়।
ও সাজেদুল ইসলাম - তাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানিয়েছেন, গ্রেপ্তার তিনজনের সঙ্গে কোনো না কোনো প্রেক্ষাগৃহের সংযোগ রয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কীভাবে সিনেমাটির কপি বাইরে গেল, সেটি খতিয়ে দেখছে পুলিশ।
প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, পাইরেসির মাধ্যমে সিনেমাটির যেমন আর্থিক ক্ষতি হয়েছে, তেমনি শিল্পী ও কলাকুশলীদের পরিশ্রমকেও অসম্মান করা হয়েছে।
গ্রেপ্তার টিপু সুলতানকে ঢাকায় এনে বনানী থানায় হস্তান্তর করা হবে। তাঁর বিরুদ্ধে কপিরাইট আইনে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
‘তাণ্ডব’-এর পাইরেসি নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে ভবিষ্যতে পাইরেসি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
