ছবি: সংগৃহীত
ভারতে দেশজাঁকিয়ে বসা প্রশ্নফাঁস কেলেঙ্কারি ও শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে নিজের অবস্থান পরিবর্তন করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। আন্দোলনের শুরুতে শিক্ষার্থীদের দাবির প্রতি সংহতি জানালেও বর্তমানে তাদের রাজপথ ছেড়ে ঘরে ফেরার অনুরোধ জানিয়েছেন তিনি।
সালমান মনে করেন, দেশের ভবিষ্যৎ ও শিক্ষার্থীদের শিক্ষাগত সুরক্ষার স্বার্থে এই মুহূর্তে আন্দোলন স্থগিত করা প্রয়োজন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় সালমান খান বলেন, ‘শিক্ষার্থীদের সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত তাদের শিক্ষা ও ভবিষ্যৎ। চলমান সংকট নিরসনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে আশ্বাস দিয়েছেন, তার ওপর আস্থা রাখা উচিত।’ তিনি শিক্ষার্থী ও অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, প্রশ্নফাঁসে জড়িত অপরাধীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। তাই বর্তমান পরিস্থিতিতে আন্দোলনকারীদের বাড়িতে ফিরে বাবা-মায়ের সঙ্গে সময় কাটানোর আহ্বান জানান তিনি।
এর আগে গত বুধবার নিজের স্কুলজীবনের একটি ছবি শেয়ার করে শিক্ষার্থীদের সাহসী প্রতিবাদের প্রশংসা করেছিলেন এই অভিনেতা। সে সময় তিনি প্রশ্নফাঁসকে শিক্ষাব্যবস্থার জন্য একটি বড় ক্ষত হিসেবে অভিহিত করেন এবং দাবিটি যেন কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত না হয়, সে বিষয়ে সতর্ক করেছিলেন।
তবে সম্প্রতি আন্দোলনের কেন্দ্র করে বেশ কিছু সহিংসতার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন সালমান। আহত শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি তিনি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, ভারতের এই প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনে বলিপাড়ার একঝাঁক তারকা শিক্ষার্থীদের সমর্থনে এগিয়ে এসেছেন। সালমান খান ছাড়াও ওমি বৈদ্য, জিনাত আমান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক শাহ, অভয় দেওল, সোনাক্ষী সিনহা ও রিতেশ দেশমুখের মতো জনপ্রিয় ব্যক্তিত্বরা সংহতি প্রকাশ করেছেন।
তবে সালমান এখন মাঠের আন্দোলনের চেয়ে সরকারের পদক্ষেপের ওপর ভরসা রাখতেই বেশি আগ্রহী।
