ছবি: ইমজা নিউজ
হবিগঞ্জের নবীগঞ্জ শহর ও আশপাশের এলাকায় কয়েকদিন ধরে চলমান সহিংসতা ও সংঘর্ষের ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শহরে দ্বিতীয় দিনের মতো ১৪৪ ধারা জারি আছে।
মঙ্গলবার সকালে নবীগঞ্জ উপজেলা প্রশাসন ও সেনাবাহিনী শহরে হ্যান্ড মাইক দিয়ে সংঘবদ্ধভাবে লোক চলাচল না করা এবং দোকানপাট না খোলার আহবান জানায়। শহরে জনশুন্য পরিস্থিতি বিরাজ করছে।
এদিকে পুলিশ সোমবার রাতে ৪জনকে আটক করেছে। এরা হলো পৌরসভার চরগাও গ্রামের মতিউর রহমান চৌধুরীর পুত্র মোঃ এমদাদুল চৌধুরী (৩৫),পৌরসভার নোয়াপাড়া গ্রামের মরম আলীর পুত্র মোঃ রবিউল ইসলাম (২১) একই গ্রামের মৃত দালাল মিয়ার পুত্র মোঃ সাকিব মিয়া (২১) করগাও ইউনিয়নের ছোট শাখোয়া গ্রামের মৃত আজিজুল মিয়ার পুত্র মোঃ রফিক মিয়া (৫২)।
উল্লেখ্য, গত শুক্রবার (৫ জুলাই) রাত থেকে শুরু হওয়া সহিংসতায় ২ জন নিহত হন। সোমবার সকালে আনমনু ও তিমিরপুর গ্রামের শত শত মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুই পক্ষের শতাধিক নারী-পুরুষ আহত হন। এ ঘটনায় শহরের দোকানপাট, হোটেল, ব্যবসাপ্রতিষ্ঠান, হাসপাতাল, যানবাহন ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শহরে যৌথবাহিনী মোতায়েন করে স্থানীয় প্রশাসন ১৪৪ ধারা জারি করে।
