চীন ও কানাডার সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক
রোহিঙ্গা সংকটে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস
প্রকাশ: ১০ জুলাই ২০২৫ ২২:২৬
ছবি: সংগ্রহ
চীন ও কানাডা রোহিঙ্গা ইস্যুতে মানবিক সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছে এবং বাংলাদেশের সরকারের চলমান সংস্কারমূলক পদক্ষেপের প্রতি সমর্থন জানিয়েছে।
বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠেয় আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ)-এর ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চীন ও কানাডার পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে পৃথক বৈঠক করেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিনিয়োগ সম্প্রসারণ ও অগ্রাধিকার খাতে সহযোগিতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়। চীন বাংলাদেশের সংস্কারমুখী উদ্যোগে পূর্ণ সমর্থন জানিয়ে মেডিকেল ট্যুরিজম, পানি ব্যবস্থাপনা, টেক্সটাইল, জ্বালানি ও হালকা প্রকৌশল খাতে আরও বিনিয়োগের আগ্রহ ব্যক্ত করে।
রোহিঙ্গা সংকটের দ্রুত সমাধানে চীনের কার্যকর ভূমিকা কামনা করে পররাষ্ট্র উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের প্রতি রাজনৈতিক ও উন্নয়ন সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি জাতিসংঘসহ আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের পক্ষে সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।
বিকেলে কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দের সঙ্গে বৈঠকে বাণিজ্য বহুমুখীকরণ ও টেকসই অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে আলোচনা হয়। রোহিঙ্গা সংকট মোকাবেলায় কানাডা তাদের চলমান সমর্থনের পুনরায় আশ্বাস দেয়।
বৈঠকগুলোতে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শামীম আহসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মো. ফরহাদুল ইসলাম এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা।
উল্লেখ্য, পররাষ্ট্র উপদেষ্টা আগামীকাল আসিয়ান আঞ্চলিক ফোরাম (এআরএফ) মন্ত্রী পর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
