ছবি সংগৃহিত
ভারতের কর্ণাটক রাজ্যের গোকর্ণের রামতীর্থ পাহাড়ের একটি গুহা থেকে দুই সন্তানসহ এক রুশ নারীকে উদ্ধার করেছে পুলিশ। আত্মিক প্রশান্তি ও ধ্যানের উদ্দেশ্যে তিনি সেখানে বাস করছিলেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ঘটনাটি ঘটে রাজ্যের উত্তর কান্নাডা জেলার গোকর্ণ এলাকায়। খবর এনডিটিভির।
নারীর নাম নিনা কুতিনা ওরফে মোহি (৪০)। তিনি ব্যবসায়িক ভিসায় রাশিয়া থেকে ভারতে আসেন এবং গোয়া হয়ে কর্ণাটকের গোকর্ণ শহরে বসবাস শুরু করেন। ভারতে এসে হিন্দু ধর্ম ও আধ্যাত্মিক রীতিনীতির প্রতি গভীর আকৃষ্ট হয়ে পড়েন নিনা।
নিনার দুই সন্তানের নাম প্রেয়া (৬) ও অমা (৪)। পুলিশ জানায়, গত দুই সপ্তাহ ধরে নিনা গুহার মধ্যে পূজা ও ধ্যানে সময় কাটাচ্ছিলেন। প্রকৃতির মধ্যে আত্মিক শান্তি খুঁজছিলেন তিনি।
শুক্রবার (১১ জুলাই) নিয়মিত টহলের সময় পুলিশ সদস্যরা গুহার বাইরে শুকাতে দেওয়া কিছু কাপড় দেখে সন্দেহ হয়। পরে তল্লাশি চালিয়ে গুহার ভেতর থেকে নিনা ও তার দুই সন্তানকে উদ্ধার করা হয়।
উত্তর কান্নাডা জেলার পুলিশ সুপার এম নারায়ণ বলেন, এই নারী ও তার সন্তানরা কীভাবে জঙ্গলের মধ্যে টিকে ছিলেন এবং কী খেতেন, তা বিস্ময়কর। সৌভাগ্যক্রমে তাদের কারও কোনো ক্ষতি হয়নি।
পুলিশ আরও জানিয়েছে, নিনার ভিসার মেয়াদ ২০১৭ সালে শেষ হয়ে গেছে। তিনি কতদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধারের পর নিনা ও তার সন্তানদের একটি স্থানীয় আশ্রমে রাখা হয়েছে। রুশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে তাকে রাশিয়ায় ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
