জুলাই শহীদদের স্মরণে
দেশে ৮৬৪টি স্মৃতিফলক স্থাপন করা হবে: উপদেষ্টা ফারুক-ই-আজম
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫ ১৩:৩৪
জুলাই শহীদদের স্মরণে দেশের ৮৬৪টি স্থানে স্মৃতিফলক স্থাপন করবে সরকার। বুধবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের বহদ্দারহাট মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণকাজ উদ্বোধনের সময় এ তথ্য জানান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুক-ই-আজম।
তিনি বলেন, আজ একটি স্মৃতিফলকের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দেশের বিভিন্ন স্থানে-যেখানে শহীদরা প্রাণ হারিয়েছেন সেসব জায়গায় এই ধরনের স্মৃতিফলক স্থাপন করা হবে। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই উদ্যোগ।
ফারুক-ই-আজম আরও বলেন, ‘জুলাই শহীদদের হত্যাকাণ্ডের বিচার দ্রুত সম্পন্ন করতে সরকার তথ্যপ্রমাণ সংগ্রহ ও বিশ্লেষণের ভিত্তিতে কাজ করে যাচ্ছে।’
চট্টগ্রাম নগরের বহদ্দারহাট ও মুরাদপুর এলাকায় ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের স্মরণে দুটি ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ নির্মাণ করছে চট্টগ্রাম সিটি করপোরেশন। জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এ নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা প্রশাসক ফরিদা খানম ও স্থানীয় সরকার শাখার উপপরিচালক মো. নোমান হোসেন প্রমুখ।
