ছবি: সংগৃহিত।
নিবন্ধন স্থগিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতীক ‘দাঁড়িপাল্লা’ এবার নির্বাচন কমিশনের (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত হতে যাচ্ছে। ইসির ওয়েবসাইট থেকে আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক সরানোর পরপরই ‘দাঁড়িপাল্লা’ যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে কমিশন সূত্র।
বুধবার (১৬ জুলাই) দুপুর ২টার দিকে নির্বাচন কমিশন সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক কমিশনের সিনিয়র সচিবের দপ্তরে প্রতীকের গেজেট ও তালিকা নিয়ে যান। তবে সচিব উপস্থিত না থাকায় তিনি ফিরে আসেন।
এর আগে সকালে তিনি গণমাধ্যমকে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ইসির ওয়েবসাইট থেকে নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, নৌকা প্রতীক বিষয়ে আগের সিদ্ধান্তই বহাল রয়েছে। আওয়ামী লীগ বিলুপ্ত হলে তবেই এই প্রতীক তফসিল থেকে বাদ দেওয়া হবে। তবে যেসব দলের নিবন্ধন স্থগিত বা বাতিল, তাদের প্রতীক ওয়েবসাইট থেকে সরানো হয়ে থাকে।
নৌকা প্রতীক রাখা নিয়ে সম্প্রতি বিতর্কের সৃষ্টি হয়। নির্বাচন পরিচালনা বিধিমালার খসড়া সংশোধনে ১১৫টি প্রতীক সংরক্ষণের প্রস্তাব দেওয়া হয়। জামায়াতের নিবন্ধন না থাকলেও তাদের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ যুক্ত হচ্ছে খসড়ায়। অপরদিকে, নিবন্ধন বাতিল হয়নি এমন যুক্তিতে নৌকা প্রতীক রাখা হয়, যা নিয়ে সমালোচনার জন্ম দেয়।
মঙ্গলবার (১৫ জুলাই) রাতে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে নির্বাচন কমিশনের সমালোচনা করে বলেন, ‘অভিশপ্ত ‘নৌকা’ মার্কাটাকে আপনারা কোন বিবেচনায় আবার শিডিউলভুক্ত করতে আইন মন্ত্রণালয়ে পাঠালেন? কাদের এজেন্ডা বাস্তবায়নে এই মার্কা রাখছেন আপনারা?’
বর্তমানে তফসিলভুক্ত প্রতীকের সংখ্যা ৬৯টি। এর মধ্যে ৫১টি রাজনৈতিক দলের জন্য এবং ১৮টি স্বতন্ত্র প্রার্থীর জন্য সংরক্ষিত। নতুন তালিকা চূড়ান্ত হলে এই সংখ্যা দাঁড়াবে ১১৫টি।
