https://www.emjanews.com/

7355

national

প্রকাশিত

১৭ জুলাই ২০২৫ ১৩:৩০

আপডেট

১৭ জুলাই ২০২৫ ১৬:৪৭

জাতীয়

গোপালগঞ্জ

এনসিপি পদযাত্রা ঘিরে সংঘর্ষ: আটক ১৪, শহরে থমথমে পরিবেশ

প্রকাশ: ১৭ জুলাই ২০২৫ ১৩:৩০

ছবি: সংগৃহিত।

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কর্মসূচিকে কেন্দ্র করে সহিংসতা, ভাঙচুর ও প্রাণহানির ঘটনার পর শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঘটনায় কোনো মামলা হয়নি, তবে পুলিশের হেফাজতে রয়েছেন ১৪ জন। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গতকাল বুধবার এনসিপির কর্মসূচিকে ঘিরে শহরের বিভিন্ন স্থানে দফায় দফায় হামলা, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ও সংঘর্ষের ঘটনা ঘটে। আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় অন্তত ৪ জন নিহত হন এবং ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

ওসি জানান, সংঘর্ষের পর রাতে যৌথ বাহিনী অভিযানে অংশ নিয়ে ১৪ জনকে আটক করে। রাত তিনটার দিকে তাঁদের থানায় হস্তান্তর করা হয়। সংঘর্ষের ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। আপাতত শহরের পরিস্থিতি শান্ত রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল থেকেই গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়, যা আজ সন্ধ্যা পর্যন্ত বলবৎ থাকবে। 

আতঙ্ক-উৎকণ্ঠার রাত পার করে আজ সকালে শহরের পরিবেশ কিছুটা স্থিতিশীল দেখা গেছে। যদিও সকাল পর্যন্ত সড়ক ও বাজারে মানুষের উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা বাড়তে শুরু করে। পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা রাস্তায় ছড়িয়ে থাকা ইট, বাঁশ ও কাঠের টুকরা সরিয়ে নিচ্ছেন।
উল্লেখ্য, এ সংঘর্ষকে কেন্দ্র করে শহরের বিভিন্ন এলাকায় এখনও চাপা উত্তেজনা বিরাজ করছে। নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।