বক্তব্য দিচ্ছেন বিজিবির ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক (ছবি ইমজা নিউজ)
সিলেট এবং সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে প্রায় ৬ কোটি টাকার ভারতীয় চোরাই মালামাল আটক করেছে ৪৮ বিজিবি।
শুক্রবার দুপুরে ৪৮ বিজিবি সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক মোহাম্মদ নাজমুল হক।
সিলেট ও সুনামগঞ্জ জেলার প্রতাপপুর, দমদমিয়া, শ্রীপুর, বিছনাকান্দি ও সোনালীচেলা বিওপি কর্তৃক পরিচালিত পৃথক অভিযানে ভারতীয় শাড়ি, স্কিন ব্রাইট ক্রিম, সানগ্লাস, গরু ও অবৈধভাবে পাথর উত্তোলনকারী নৌকা জব্দ করা হয়।
এছাড়াও ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহলদল সেনাবাহিনীর সহায়তায় গোয়াইনঘাট ও ফতেহপুর এলাকার মধ্যবর্তী সারি নদীর তীরে একটি পরিত্যক্ত গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ফেয়ারনেস ক্রিম, আল্ট্রা ব্রাইট ক্রিম, স্কিন সাইন ক্রিম, বেটনোভেট এন ক্রিম ও জিলেট ব্লেড জব্দ করে।
সব মিলিয়ে অভিযানে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ কোটি টাকা।

সিলেট ব্যাটালিয়ন ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ নাজমুল হক বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে।
এসময় তিনি আরো বলেন, সব সময়ের মতো রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে ভারত থেকে আসা চোরাচালান জব্দ করতে সর্বোচ্চ তৎপরতা চালিয়ে যাচ্ছি বিজিবি। একই সাথে, চোরাচালানে জড়িত ব্যাক্তিদের ধরতেও চেষ্টা অব্যাহত রয়েছে বলে দাবি করেন।
আটককৃত মালামালসমূহের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।
