ছবি: সংগৃহিত
অন্তর্বর্তীকালীন সরকার নতুন পে স্কেল ঘোষণার উদ্দেশ্যে জাতীয় বেতন কমিশন গঠন করেছে। তবে এ সরকার নিজে থেকে পে স্কেলের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
রবিবার (৯ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, ‘একটা কমিটি করেছি ট্যাক্সের বিষয়ে কিছু স্বাধীন অর্থনীতিবিদ নিয়ে। তারা কিছু সুপারিশ দেবেন। পে কমিশনের বিষয়েও আমরা উদ্যোগ নিয়েছি, তবে এখন কিছু বলা যাচ্ছে না। বিষয়টি আগামী সরকার দেখবে। আমরা শুধু প্রক্রিয়াটি শুরু করেছি।’
জানা গেছে, জাতীয় বেতন কমিশন ইতোমধ্যে প্রাথমিক কিছু সুপারিশ প্রস্তুত করেছে এবং আগামী ডিসেম্বর মাসের মধ্যে সরকারের কাছে চূড়ান্ত প্রস্তাব জমা দিতে চায়।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অন্তর্বর্তীকালীন সরকার এই কমিশনের সুপারিশ বিবেচনা করবে না; বরং নির্বাচিত সরকারই নতুন পে স্কেল নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ইতোমধ্যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচনে গঠিত নতুন সরকারই বেতন কমিশনের প্রস্তাব অনুযায়ী নতুন পে স্কেল বাস্তবায়ন করবে বলে ধারণা করা হচ্ছে।
