ছবি: সংগৃহিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৪ হাজার ১৬৬ জন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি বুধবার (১২ নভেম্বর) প্রকাশ করা হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, দ্বিতীয় ধাপে আজ ঢাকা ও চট্টগ্রাম বিভাগের শূন্যপদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর আগে প্রথম ধাপে ৫ নভেম্বর রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের শূন্যপদের বিপরীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। বর্তমানে সহকারী শিক্ষকের ১০ হাজার ২১৯টি শূন্যপদে আবেদন চলছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ‘বিধি সংশোধন হওয়ায় নিয়োগ বিজ্ঞপ্তি ধারাবাহিকভাবে প্রকাশ করা হচ্ছে। আজকে অফিসিয়ালি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দেশের জাতীয় পত্রিকাগুলোতেও শূন্যপদের বিপরীতে বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।’
প্রসঙ্গত, চলতি বছরের ২৮ আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রজ্ঞাপন জারি করে। এর তিন দিন পর, ৩১ আগস্ট গঠিত হয় আট সদস্যের ‘কেন্দ্রীয় প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ কমিটি’। কমিটির চেয়ারম্যান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং সদস্য সচিব অধিদপ্তরের (পলিসি ও অপারেশন) পরিচালক।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো ও সরকারি কর্ম কমিশনের প্রতিনিধিরাও কমিটিতে রয়েছেন।
প্রথম ঘোষিত বিধিমালায় কিছু ত্রুটি থাকায় বিজ্ঞপ্তি প্রকাশ বিলম্বিত হয়েছিল। পরে সংশোধনের পর ২ নভেম্বর নতুনভাবে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগ বিধিমালা, ২০২৫’ প্রকাশ করা হয়। নতুন বিধিমালায় ‘অন্যান্য বিষয়ে’ শব্দের পরিবর্তে ‘বিজ্ঞানসহ অন্যান্য বিষয়ে অন্তত’ শব্দটি সংযোজন করা হয়েছে। এর ফলে বিজ্ঞান বিষয়ে প্রার্থীরাও সরাসরি নিয়োগে অগ্রাধিকার পাবেন।
নতুন বিধিমালায় প্রধান শিক্ষক পদে ৮০ শতাংশ নিয়োগ হবে পদোন্নতির মাধ্যমে এবং ২০ শতাংশ সরাসরি নিয়োগের মাধ্যমে। পদোন্নতির জন্য প্রার্থীকে সহকারী শিক্ষক পদে অন্তত ১২ বছরের চাকরির অভিজ্ঞতা, মৌলিক প্রশিক্ষণ এবং চাকরি স্থায়ীকরণ সম্পন্ন করতে হবে। সরাসরি নিয়োগের ক্ষেত্রে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক- উভয় পদের প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ স্নাতক বা স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের ফল গ্রহণযোগ্য হবে না। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক উভয় পদের সরাসরি নিয়োগের জন্য বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ২৮ অক্টোবর বলেছিলেন, ‘সারা দেশে বর্তমানে প্রায় ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। শিক্ষক নিয়োগ বিধিমালা জারির পর আমরা দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করব। নভেম্বরেই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে নিয়োগ কার্যক্রম শুরু হবে।’
