জুড়ীতে ইউপি সদস্যের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ, সিসিটিভিতে ধরা পড়ল দুই মুখোশধারী
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫ ১৯:১০
ছবি: সংগৃহিত
মৌলভীবাজারের জুড়ী উপজেলার চাটেরা গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যের বাড়িতে পেট্রল ঢেলে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার গভীর রাতে ঘটে যাওয়া এই ঘটনাটি বাড়ির সিসিটিভি ক্যামেরায় স্পষ্টভাবে ধরা পড়ে। পরে সিএনজিচালিত অটোরিকশায় পালিয়ে যায় তারা।
ঘটনাটি ঘটেছে জায়ফরনগর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য জাকির মনিরের বাড়িতে। রাত সোয়া তিনটার দিকে বাইরে গাড়ি থামার শব্দ পেয়ে তিনি দরজা খুলে দেখেন বাড়ির সামনে দাউ দাউ করে আগুন জ্বলছে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও ঘরের বারান্দার পর্দার কিছু অংশ পুড়ে যায়।
ঘটনার পর বাড়ির সামনে প্লাস্টিকের দুটি খালি বোতল পাওয়া যায়, যাতে পেট্রলের গন্ধ ছিল বলে জানিয়েছে পরিবার ও পুলিশ।
ইউপি সদস্য জাকির মনির বলেন, ‘ঘরে আমার স্ত্রী-সন্তানসহ পরিবার ছিল। আমি বাইরে না বের হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।’ তিনি এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানান।
বাড়িতে স্থাপিত সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখোশধারী দুই যুবক রাতের অন্ধকারে বসতঘরের দেয়ালের চারপাশে কিছু ছিটিয়ে দেয়। পরে আগুন ধরিয়ে দ্রুত অটোরিকশায় চড়ে পালিয়ে যায়।
জুড়ী থানার উপপরিদর্শক মো. মামুন মিয়া বলেন, ‘শত্রুতাবশত এ ঘটনা ঘটানো হয়েছে বলে ধারণা করছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
