https://www.emjanews.com/

11552

sylhet

প্রকাশিত

১৯ নভেম্বর ২০২৫ ১৯:৪৬

সিলেট

রাজনগরের দেবীপুর গ্রামে গরুচুরিতে নিঃস্ব দরিদ্র পরিবার

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৫ ১৯:৪৬

ছবি: সংগৃহিত

মঙ্গলবার গভীর রাতে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার পাঁচগাও ইউনিয়নের দেবীপুর গ্রামের শিবুল দেবের বাড়িতে দুর্ধর্ষ গরুচুরির ঘটনা ঘটে। 

রাত আনুমানিক দুইটা থেকে তিনটার মধ্যে সহায়সম্বলহীন শিবুল দেবের গোয়ালঘর থেকে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় শিবুল দেবের ছেলে সুভাষ দেব রাজনগর থানায় একটি মামলা দায়ের করেন।

জানা যায়, শিবুল দেবের গোয়ালে মোট পাঁচটি পূর্ণবয়স্ক গরু ছিল। এর মধ্যে তিনি একটি গাভী একজন প্রতিবেশির কাছে কয়েকমাস আগে বিক্রি করেছিলেন। কিন্তু সেই প্রতিবেশি গাভীটি লালন-পালনের জন্য শিবুল দেবের কাছেই বর্গা হিসেবে রেখেছিলেন এবং বর্তমানে গাভীটি গর্ভবতী ছিল। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটা থেকে তিনটার দিকে এই বর্গা রাখা গাভীটি সহ সবগুলো গরু চুরি করে নিয়ে যায়। 

শিবুল দেব জানান, রাত ১২টার দিকে তিনি গোয়ালঘরে গিয়ে সবগুলো গরুর দেখভাল করে শুয়ে পড়েন। সকাল সাতটায় ঘুম থেকে উঠে গোয়ালঘরের দরজা খোলা দেখে ভাবেন তার ছেলে সুভাষ দেব হয়তো গরুগুলো মাঠে চরাতে নিয়ে গেছে। কিন্তু, একটু পর সুভাষকে গরুর ব্যাপারে জিজ্ঞেস করলে জানায় সে মাত্র ঘুম থেকে উঠেছে এবং সে গরু চরাতে দেয়নি। তখন চুরির ঘটনাটি ধরা পড়ে।

উল্লেখ্য, দেবীপুর গ্রামে বিগত দশ বারো বছর ধরে গ্রামপঞ্চায়েতের সবাই রাত্রিকালিন পাহারা দিয়ে আসছে। ওই রাতেও ৯জন মিলে রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পাহারা দিচ্ছিলেন। ওই রাতে পাহারার দায়িত্বে ছিলেন উক্ত গ্রামের গোপাল বৈদ্য, রুক্মিণী নাথ, নৃপেন্দ্র নাথ, তপন নাথ, নির্মল নাথ, সুজিত দেবসহ অন্যান্যরা। কিন্তু পাহারাদার থাকা সত্ত্বেও তার গোয়ালঘর শুন্য করে সবগুলো গরু চুরি করে নিয়ে যায়।

রাজনগর থানার তদন্ত কর্মকর্তা নৃপেশ দেব ভুক্তভোগীর বাড়ি পরিদর্শন শেষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আমরা বিষয়টি গুরুত্বের সাথে আমলে নিয়েছি এবং আসামি ধরতে অভিযান পরিচালিত হচ্ছে।