প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগ: পদের বিপরীতে ৫৬ গুণ প্রার্থী, আবেদন শেষের পথে
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৫ ১৮:৫৭
ছবি: সংগৃহিত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে প্রথম ধাপে ছয় বিভাগের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া চলছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুর পর্যন্ত এসব পদে প্রায় ছয় লাখ চাকরিপ্রার্থী আবেদন করেছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সিলেট, খুলনা, বরিশাল, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের ১০ হাজার ২১৯টি শূন্য পদে আবেদন নেওয়া হচ্ছে। ৮ নভেম্বর থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়ায় বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত প্রায় ৫ লাখ ৭৬ হাজার প্রার্থী সফলভাবে আবেদন ও ফি জমা দিয়েছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানিয়েছে, শুক্রবার (২১ নভেম্বর) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এরপরও পরবর্তী ৭২ ঘণ্টা পর্যন্ত ফি পরিশোধের সময় থাকবে।
ফি জমা দেওয়ার জন্য আরও একদিন সময় থাকায় এবং অনেকে এখনো ফি দিতে পারেননি, তাই আবেদনের সংখ্যা আরও প্রায় এক লাখ বাড়তে পারে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গবেষণা কর্মকর্তা এসএম মাহবুব আলম বলেন, ‘বর্তমানে সফলভাবে ফি জমা দেওয়া প্রার্থীর সংখ্যা ৫ লাখ ৭৬ হাজার। অনেকে আবেদন করেছেন কিন্তু ফি এখনো দেননি। সেই অনুযায়ী মোট আবেদন পৌনে সাত লাখ থেকে সাড়ে সাত লাখের মতো হতে পারে।’
মন্ত্রণালয় গত ৫ নভেম্বর প্রথম ধাপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। প্রথম ধাপে সিলেট, রাজশাহী, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও রংপুর বিভাগ অন্তর্ভুক্ত।
এরপর ১২ নভেম্বর ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জন্য দ্বিতীয় ধাপের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দ্বিতীয় ধাপে শূন্যপদ সংখ্যা ৪ হাজার ১৬৬টি।
