ছবি: সংগৃহিত
৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, লিখিত পরীক্ষায় মোট ৪,০৪২ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এই বিসিএসের মাধ্যমে মোট ৩,১৪০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে স্বাস্থ্য ক্যাডারে সবচেয়ে বেশি নিয়োগ থাকছে—সহকারী সার্জন পদে ১,৬৮২ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ১৬ জন। শিক্ষা ক্যাডারে বিভিন্ন বিষয়ে নিয়োগ পাবেন ৯২০ জন।
অন্যান্য ক্যাডারে নিয়োগ সংখ্যা হলো- প্রশাসন ক্যাডারে ২৭৪ জন, পররাষ্ট্র ১০ জন, পুলিশ ৮০ জন, আনসার ১৪ জন, পরিবার পরিকল্পনা ৪৯ জন, মৎস্য ২৬ জন, গণপূর্ত ৬৫ জন।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ৪৫তম বিসিএসের নন-ক্যাডারের ফল প্রকাশ করে পিএসসি, যেখানে মোট ৫৪৫ জনকে বিভিন্ন নন-ক্যাডার পদে সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়।
বুধবার প্রকাশিত ৪৫তম বিসিএসের চূড়ান্ত ফলে ১,৮০৭ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগে সুপারিশ করা হয়েছে।
এদিন রাতেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে ৫০তম বিসিএস ঘোষণা করেছে পিএসসি। এ বিসিএসে স্বাস্থ্য ও প্রশাসন মিলিয়ে মোট ২,১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে।
