ছবি: সংগৃহিত
নির্বাচন আয়োজনের সব ধরনের প্রস্তুতি পূর্ণ গতিতে থাকলেও তফসিল কবে ঘোষণা করা হবে- সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন (ইসি)।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে সাংবাদিকদের এক কর্মশালায় এ তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ।
অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে। এ বিবেচনায় ডিসেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার পরিকল্পনা করেছিল ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীনও জানিয়েছিলেন, ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা হতে পারে। পাশাপাশি এবার ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হবে।
আজ সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত জাতীয় বৈঠকে এসব প্রস্তুতি পর্যালোচনা করে কমিশন। বৈঠকে উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ। তিনি বলেন, ‘সকাল সাড়ে ১১টা থেকে আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়ে গুরুত্বপূর্ণ মিটিংয়ে অংশ নিয়েছি।’
তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এখন পর্যন্ত তফসিল ঘোষণার দিন নির্ধারণ করতে পারিনি।’ তবে নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ইসি শতভাগ প্রস্তুত রয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘সঠিক তথ্যটা দিন...নিশ্চয়ই নির্বাচনের ব্যাপারে জোর প্রস্তুতি চলছে।’
সাংবাদিকদের নিয়ে আয়োজিত ‘গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধনীসহ), নির্বাচনী আচরণ বিধিমালা ২০০৮ এবং নির্বাচন কর্মকর্তা (বিশেষ বিধান) আইন ১৯৯১’ বিষয়ক কর্মশালায় বক্তব্য দেন আখতার আহমেদ। কর্মশালাটি আয়োজন করেছে ইউএনডিপি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)।
এর আগে সকালে অনুষ্ঠিত আরেক অধিবেশনে অংশ নিয়ে নির্বাচন কমিশনার আবদুল রহমানেল মাছউদ ‘সংবিধান, জাতীয় নির্বাচনের গুরুত্ব, নির্বাচনী অপরাধ নিয়ন্ত্রণ এবং নির্বাচনসংক্রান্ত মামলার নিষ্পত্তি’ বিষয়ে আলোচনা করেন।
