ছবি: সংগৃহীত
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ, এম, এম, নাসির উদ্দিন বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে নির্বাচন কমিশনের নতুন উদ্যোগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। ‘সোশ্যাল মিডিয়ায় আমাদের বিরুদ্ধে লেখালেখি হচ্ছে, কিন্তু সাংবাদিকরা আমাদের পাশে আছেন বলেই মানুষ সঠিক তথ্য পাচ্ছে,’ তিনি বলেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের অডিটোরিয়ামে রাজনৈতিক দলগুলোকে পোস্টাল ভোটিং সিস্টেম নিয়ে ব্রিফিংয়ের সময় এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, তাহমিদা আহমদ, আনোয়ারুল ইসলাম সরকার ও আবুল ফজল মো. সানাউল্লাহ উপস্থিত ছিলেন।
এছাড়া ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সিইসি বলেন, ‘বিশ্বের ১২২টি দেশে প্রবাসী বাংলাদেশিদের জন্য পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সফল হলে বিশ্ব ইতিহাসে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে। এর আগে কেউ এমন ঝুঁকিপূর্ণ উদ্যোগ নেয়নি।’
তিনি আরও জানান, বিভিন্ন দেশের ভিন্ন সংস্কৃতি, আইন ও পোস্টাল সিস্টেম একত্রিত করা বিশাল চ্যালেঞ্জ ছিল, কিন্তু ইসির টিম নিরলসভাবে তা মোকাবিলা করছে।
সোশ্যাল মিডিয়ায় অপপ্রচার প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকেই সমালোচনা করছেন ভুল বোঝাবুঝিতে, কিন্তু এখানে কোনো নতুন কাজের ভুলের সঙ্গে অন্য কোনো উদ্দেশ্য নেই। সাংবাদিকরা যদি মানুষের বিভ্রান্তি দূর করতে সহায়তা করেন, তবে প্রক্রিয়াটি আরও দ্রুত এবং সফল হবে।’
তিনি আরও উল্লেখ করেন, প্রবাসী ছাড়াও যারা কর্মস্থলে আছেন বা কারাগারে রয়েছেন, তাদেরও ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। ‘এর আগে কেউ এই ঝুঁকি নেওয়ার সাহস দেখায়নি, আমরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে এটি শুরু করেছি,’ সিইসি বলেন।
