ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিলেটে প্রথম নির্বাচনী জনসভা শুরু করেছে বিএনপি। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে আয়োজিত এই জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে সভামঞ্চে ওঠেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি স্ত্রী ডা. জুবাইদা রহমানকে সঙ্গে নিয়ে মঞ্চে উপস্থিত হন। এ সময় ডা. জুবাইদা রহমান তারেক রহমানের বাম পাশে একটি চেয়ারে বসেন। এবারের জনসভা মঞ্চে বিশেষ বা ভিআইপি কোনো আসনের ব্যবস্থা রাখা হয়নি; মঞ্চে সবার জন্য একই ধরনের চেয়ার রাখা হয়েছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
এর আগে প্রথম নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সমাবেশস্থলে যোগ দিতে শুরু করেন। বুধবার রাত থেকেই সমাবেশস্থলের একপাশে সামিয়ানা টানিয়ে ত্রিপলের নিচে অবস্থান করে অনেকে রাত কাটান। বৃহস্পতিবার সকাল থেকে সিলেট নগরীর বিভিন্ন এলাকা ছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আলিয়া মাদরাসা মাঠে জড়ো হতে থাকেন।
সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মাঠ ও আশপাশের এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণার সূচনা করলো বিএনপি, যার প্রথম কর্মসূচি হিসেবে সিলেটের এই জনসভাকে বেছে নেয় দলটি।
