https://www.emjanews.com/

13251

sylhet

প্রকাশিত

২২ জানুয়ারী ২০২৬ ১৫:৪১

সিলেট

সিলেটের অধিকাংশ মানুষ লন্ডনে যায়, তাদের ট্রেনিং দিবো : তারেক রহমান

প্রকাশ: ২২ জানুয়ারী ২০২৬ ১৫:৪১

ছবি- বিএনপি মিডিয়া সেল

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সিলেটের মানুষদের বড় একটি অংশ লন্ডনে যান, মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে যান। আমরা তাদের বিভিন্নভাবে প্রশিক্ষণ দিতে চাই—প্রশিক্ষণ ও ভাষা শিক্ষা দিয়ে দক্ষ করে গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে চাই। সরকার গঠন করলে আমরা তাদের দক্ষ করে গড়ে তুলব, যাতে সারা পৃথিবীতে তাদের ছড়িয়ে দিতে পারি।

তারেক রহমান বলেন, টেক ব্যাক বাংলাদেশের আরেকটি বড় কাজ বাকি আছে। আমাদের দেশের লক্ষ লক্ষ যুবক-যুবতী, তরুণ সমাজের সদস্য বেকার হয়ে বসে আছেন। আমরা তাদের বেকার করে রাখতে চাই না। এই বেকারদের জন্য আমরা কর্মসংস্থান তৈরি করতে চাই। 

আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিলেটের আলিয়া মাদরাসা মাঠে আয়োজিত জনসভায় এ মন্তব্য করেন তারেক রহমান। 

এসময় তিনি বলেন, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন মা-বোনদের জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আগামী ধানের শীষের বিএনপি সরকার সেই শিক্ষিত মা-বোনদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চায়।

বক্তব্যের শেষে ১২ ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট চেয়ে তারেক রহমান বলেন,বিএনপি সরকার গঠিত হলে আমরা নবী করীম (সা.) এর ন্যায়পরাণতার ভিত্তিতে দেশ পরিচালনা করবো, ইনশাআল্লাহ।

এর আগে সকাল থেকেই বিএনপির নির্বাচনী জনসভাকে ঘিরে আলিয়া মাদরাসা মাঠ ও আশপাশের সড়ক এলাকায় লোকে লোকারণ্য হয়ে ওঠে। সিলেট নগরীসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। শীত উপেক্ষা করে বুধবার রাত থেকেই অনেক নেতাকর্মী মাঠে অবস্থান নেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে জনসভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান সভামঞ্চে ওঠেন। পরে দুপুর ১টার দিকে তিনি জনসভায় বক্তব্য শুরু করেন। এ সমাবেশ থেকে সিলেট ও সুনামগঞ্জ জেলার মোট ১১টি আসনে দল ও জোট মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়।