হবিগঞ্জে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো যুবকের
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারী ২০২৬ ১৩:৩০
হবিগঞ্জে ট্রাক্টরের সাথে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেলো এক যুবকের। তিনি সদর থানার নারায়ণপুর গ্রামের ভানু গোপের ছেলে পায়েল গোপ (২৩)। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন পায়েল গোপের খালাতো ভাই বিশাল গোপ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রতনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পায়েল ও বিশাল মোটরসাইকেলে করে শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে রতনপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাক্টরের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোটরসাইকেল চালক পায়েল গোপকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত বিশাল গোপকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন।
