ছবি: সংগৃহীত
বেসরকারি উদ্যোক্তাদের সঙ্গে মিলিত হয়ে দেশের রুগ্ন ও বন্ধ থাকা শিল্পপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।
তিনি বলেন, ‘রুগ্ন ও বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে কাজটি করা হবে, যাতে কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়।’
আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি রয়েছে দেশের রুগ্ন ও বন্ধ শিল্প প্রতিষ্ঠানগুলো খুলে দিয়ে নতুন কর্মসংস্থান নিশ্চিত করার। প্রধানমন্ত্রীর নির্দেশনায় বলা হয়েছে, রুগ্ন ও বন্ধ পাট শিল্প ও চিনি কারখানাগুলো পুনরায় চালু করতে হবে, যেখানে পুরাতন শ্রমিকদের বহাল রাখা হবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী জানান, শিল্প মন্ত্রণালয়ের নেতৃত্বে ইতোমধ্যে একটি কমিটি এই উদ্যোগ বাস্তবায়নের কাজ শুরু করেছে।
