https://www.emjanews.com/

13888

economics

প্রকাশিত

১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩১

অর্থনীতি

ভ্যাট কমেছে এলপি গ্যাসে

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ১৯:৩১

ছবি: সংগৃহীত

শিল্প ও গৃহস্থালি খাতে বহুল ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপি গ্যাস)-এর ওপর ভ্যাট কমানো হয়েছে। এতে ভোক্তাদের ওপর মূসক (ভ্যাট) বোঝা হ্রাস পাবে এবং এলপি গ্যাসের বাজারমূল্য তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, শিল্প খাত ও গৃহস্থালি ব্যবহারের জন্য অপরিহার্য এই পণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং জনস্বার্থ বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে এলপি গ্যাসের দাম ধরে রাখাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আবেদন এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সুপারিশ অনুযায়ী সোমবার পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ জুন পর্যন্ত উৎপাদন ও ব্যবসায়ী পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট এবং আমদানি পর্যায়ে ২ শতাংশ আগাম কর প্রত্যাহার করা হয়েছে। এর পরিবর্তে শুধু আমদানি পর্যায়ে ৭ দশমিক ৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়েছে।

ফলে আমদানির পর স্থানীয় উৎপাদন ও বিক্রয় পর্যায়ে যে মূল্য সংযোজন হয়, তার ওপর আর ভ্যাট কার্যকর থাকবে না। এতে এলপি গ্যাসের মোট করভার উল্লেখযোগ্যভাবে কমবে।

এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রজ্ঞাপন দুটি কার্যকরের পর এলপি গ্যাস কেনার ক্ষেত্রে আগের তুলনায় ভোক্তাদের মূসক ভার প্রায় ২০ শতাংশ কমবে।

সরকারের এই সিদ্ধান্তের ফলে এলপি গ্যাসের দাম সহনীয় পর্যায়ে থাকবে এবং সাধারণ ভোক্তাদের পাশাপাশি শিল্প খাতও উপকৃত হবে বলে সংশ্লিষ্ট মহল মনে করছে।