ছবি: ইমজা নিউজ
দেশের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো দলীয়করণের ঝুঁকিতে পড়ছে কিনা- এ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক ও বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম। একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশ কি আবার একদলীয় শাসনের পথে এগিয়ে যাচ্ছে?
বুধবার (৪ মার্চ) সিলেটে দলের আয়োজিত ইফতার মাহফিলে বক্তব্য রাখতে গিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সাম্প্রতিক পরিস্থিতি পর্যবেক্ষণে মনে হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা থেকে সরে গিয়ে দেশ একদলীয় শাসনের দিকে অগ্রসর হচ্ছে কিনা- এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।’
তিনি বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশন-এর মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলে জবাবদিহিতার ওপর জোর দেন। বিশেষ করে দুদকের চেয়ারম্যান ও কমিশনারদের পদত্যাগের প্রসঙ্গে সরকারের স্পষ্ট ব্যাখ্যা দাবি করেন তিনি। একই সঙ্গে সামনে স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান এবং সিলেটের ঐক্যের রাজনৈতিক সংস্কৃতি অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
ইফতার মাহফিলে বক্তব্য দেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, ‘বাংলাদেশ ব্যাংক, দুর্নীতি দমন কমিশন ও সরকারি কর্ম কমিশন-এর মতো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাবমুক্ত রেখে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে হবে।’ ভবিষ্যতে কোনো প্রতিষ্ঠানকে দলীয় নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
সাম্প্রতিক জাতীয় নির্বাচনের কিছু আসনে ‘ইঞ্জিনিয়ারিং’-এর অভিযোগের প্রসঙ্গ তুলে সারজিস আলম বলেন, ‘গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে নির্বাচন মেনে নেওয়া হলেও জনগণের ভোটাধিকার খর্বের কোনো চেষ্টা বরদাশত করা হবে না।’ স্থানীয় সরকার নির্বাচনে কারচুপি বা প্রভাব বিস্তারের অভিযোগ উঠলে কঠোর প্রতিরোধ গড়ে তোলার ঘোষণাও দেন তিনি।
অন্যদিকে দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সিলেট নগরীর সড়কের বেহাল অবস্থার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘নগরীর অনেক সড়ক বর্তমানে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দ্রুত সংস্কার প্রয়োজন।’ সড়কের বাস্তব চিত্র গণমাধ্যমে তুলে ধরতে স্থানীয় সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘একটি নিরাপদ ও সুশাসিত বাংলাদেশ গড়াই এখন সময়ের দাবি।’
বক্তব্যের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এনসিপির নেতারা।
