https://www.emjanews.com/

14178

surplus

প্রকাশিত

০৪ মার্চ ২০২৬ ২১:৫৫

অন্যান্য

ভিসার মেয়াদ ৩ মাস বাড়ালো কুয়েত

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬ ২১:৫৫

ছবি: সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র-এর মধ্যকার চলমান সংঘাতের ফলে উদ্ভূত অস্বাভাবিক পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত এবং কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে কুয়েত সরকার।

বর্তমান ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত ৩ মাস এবং কুয়েতে অবস্থানরত ভিজিট ভিসাধারীদের মেয়াদ ১ মাস বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বর্তমানে কুয়েতে অবস্থানরত সব ভিজিট ভিসাধারীর ভিসা স্বয়ংক্রিয়ভাবে ১ মাসের জন্য বৃদ্ধি করা হবে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে যেসব ভিজিট ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হতে যাচ্ছে, সেগুলো অতিরিক্ত এক মাস বৈধ থাকবে।

এ জন্য ভিসাধারীদের কোনো আবেদন করতে হবে না বা ইমিগ্রেশন অফিসে যেতে হবে না। পুরো প্রক্রিয়া ইলেকট্রনিকভাবে সম্পন্ন হবে এবং এই সময়ের জন্য কোনো জরিমানা বা অতিরিক্ত ফি নেওয়া হবে না বলে জানানো হয়েছে।

কুয়েত সরকার আরও জানিয়েছে, পরিস্থিতির উন্নতি বা অবনতির ওপর ভিত্তি করে ভবিষ্যতে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে। একই সঙ্গে নাগরিক ও প্রবাসীদের ভিসা ও রেসিডেন্স সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সরকারি ঘোষণাগুলো নিয়মিত অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে।

এছাড়া যারা বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে দেশে ফিরতে পারেননি, তাদের জন্য ৩ মাসের অতিরিক্ত অনুপস্থিতির অনুমতি দেওয়া হয়েছে। এই সুবিধাটিও স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে এবং এর জন্য আলাদা কোনো ফি প্রযোজ্য হবে না।

সংশ্লিষ্টরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে কুয়েত সরকারের এই সিদ্ধান্ত প্রবাসীদের জন্য বড় স্বস্তি হিসেবে দেখা দিয়েছে।