শিক্ষাক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদেরই ম্যানেজিং কমিটিতে রাখা হবে: শিক্ষামন্ত্রী
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬ ২০:৫২
ছবি: শিক্ষামন্ত্রী এএনএইচ এহসানুল হক মিলন।
শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত ব্যক্তিদের নয়, বরং শিক্ষাক্ষেত্রে যাদের অবদান রয়েছে তাদের নিয়েই কমিটি গঠনের চিন্তাভাবনা করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এএনএইচ এহসানুল হক মিলন।
শুক্রবার (১৩ মার্চ) বিকেলে কচুয়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার এবং প্রতিবন্ধী মানুষের মধ্যে হুইলচেয়ার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ম্যানেজিং কমিটিতে অর্ধশিক্ষিত লোকজন দিয়ে কমিটি গঠনের যে তথ্য প্রচার হয়েছে তা অসম্পূর্ণ ও বিকৃত। ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিল করার প্রশ্নই ওঠে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।
তিনি আরও বলেন, ‘সারা দেশের আগে কচুয়াকে শিক্ষার রোল মডেল করতে চাই। এখান থেকেই তা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে। কারণ আগে নিজের ঘর ঠিক করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সরকার ধাপে ধাপে কাজ করছে।’
শিক্ষামন্ত্রী জানান, পুরনো পদ্ধতিতে আর এসএসসি পরীক্ষা নেওয়া হবে না। নতুন ও যুগোপযোগী বাস্তবসম্মত নিয়মে পরীক্ষা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যম যেন প্রকৃত তথ্য তুলে ধরে এবং কোনো বক্তব্য খণ্ডিতভাবে প্রকাশ না করে।
আগামী দিনে পরীক্ষার হলে পরীক্ষার্থী, ইনভিজিলেটর ও পর্যবেক্ষকদের একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে আনা হবে বলেও জানান শিক্ষামন্ত্রী।
