https://www.emjanews.com/

14450

sylhet

প্রকাশিত

১৮ মার্চ ২০২৬ ১৩:১৬

আপডেট

১৮ মার্চ ২০২৬ ১৪:৫৮

সিলেট

প্রবাসীদের আমেরিকান স্থাপনা এড়িয়ে চলার পরামর্শ দিলেন মন্ত্রী আরিফ

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ ১৩:১৬

 সৌদি আরবে মিসাইল হামলায় নিহত কিশোরগঞ্জের কটিয়াদীর বাচ্চু মিয়ার পরিবারকে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাড়িতে পৌঁছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি পরিবারের খোঁজখবর নেন এবং শোক প্রকাশ করেন।

পরিবারের সঙ্গে কথা বলার সময় নিহত বাচ্চু মিয়ার মা ফাতেমা বেগম এবং স্ত্রী জোছনা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার দাবি জানান। মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে সরকার তাদের জন্য আর্থিক সহায়তা দিয়েছে এবং পরিবারের তিন ছেলেমেয়ের শিক্ষার জন্য প্রতি মাসে ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে। এছাড়া সরকার পরিবারটিকে সরকারি ভাতার আওতায় আনবে এবং আবাসনের জন্য স্থানীয় প্রশাসনের সঙ্গে ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়েছে।

মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের প্রতি আমাদের অনুরোধ- আমেরিকান স্থাপনা রয়েছে এমন গুরুত্বপূর্ণ এলাকা এড়িয়ে চলার জন্য। এছাড়াও সংশ্লিষ্ট দেশের নিয়মকানুন মেনে চলার জন্য অনুরোধ করছি। ফেসবুকে হামলার ছবি ও ভিডিও প্রচার না করার আহ্বান জানান। সরকার প্রবাসীদের নিরাপত্তার বিষয়ে সব দেশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

উক্ত সময় কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দীন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক ব্যারিস্টার গোলাম সারওয়ার ভুঁইয়া, জেলা প্রশাসক আসলাম মোল্লা, জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ৮ মার্চ সৌদি স্থানীয় সময় ইফতারের আগে আল খারিজ শহরের একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে বাচ্চু মিয়াসহ দুই বাংলাদেশি নিহত হন। হামলায় আরও ১২ জন আহত হয়েছেন এবং ক্যাম্পটির কাছাকাছি মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে এই হামলা হয়েছে বলে জানা গেছে।