ছবি: ইমরান হাশমী
এক সময় ‘সিরিয়াল কিসার’ কিংবা বি-গ্রেড ছবির নায়ক হিসেবে পরিচিত ইমরান হাশমী এখন নিজের অভিনয় দক্ষতায় নতুনভাবে আলোচনায়। সাম্প্রতিক সময়ে ভিন্নধর্মী চরিত্রে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ারের শক্তিশালী ‘দ্বিতীয় ইনিংস’ শুরু করেছেন এই বলিউড তারকা।
ক্যারিয়ারের শুরুতে মার্ডার, মার্ডার ২, জান্নাত এবং আশিক বনায়া আপনে-এর মতো ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও অভিনয়ের চেয়ে তার ‘ইমেজ’ নিয়েই আলোচনা বেশি ছিল। তবে ব্যক্তিগত জীবনে ছেলের অসুস্থতার কারণে কিছুদিন পর্দা থেকে দূরে ছিলেন তিনি।
ফিরে এসে বদলে দিয়েছেন সব হিসাব। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমরান হাশমী জানান, করোনা পরবর্তী সময়টিই তার ক্যারিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছে। এই সময়টাতে নিজেকে নতুনভাবে গড়ে তুলেছেন তিনি-চিত্রনাট্য পড়া থেকে শুরু করে নিয়মিত শরীরচর্চা সবই করেছেন আড়ালে।
ক্যারিয়ারের উত্থান-পতন প্রসঙ্গে তিনি বলেন, ‘এই ইন্ডাস্ট্রিতে সাফল্য আর ব্যর্থতা দুটোই মানুষকে প্রভাবিত করে। তাই মাথা ঠান্ডা রেখে সামনে এগিয়ে যাওয়া জরুরি। সবসময় সাফল্য থাকবে—এমনটা ভাবা ঠিক নয়।’
বিশেষ করে চেহরে ছবিতে অমিতাভ বচ্চন-এর সঙ্গে এবং পরবর্তীতে অক্ষয় কুমার-এর সঙ্গে কাজ তার অভিনয় জীবনে নতুন মাত্রা যোগ করেছে।
ইমরান হাশমীর মতে, আসল পরিশ্রমটা হয় পর্দার আড়ালে, আর শেষ পর্যন্ত কাজই কথা বলে। গতানুগতিক ইমেজ ভেঙে এখন তিনি নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে দৃঢ় প্রতিজ্ঞ।
