শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ ঈদে মুক্তির পর দর্শক ও সমালোচকদের প্রত্যাশা পূরণ করতে পারেনি। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক সুপারহিট সিনেমার ধারাকে ধরে রাখতে ব্যর্থ হওয়ায় ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই বিভিন্ন সমালোচনার মুখে পড়ে।
৩১ মার্চ রাতের বিশেষ প্রদর্শনী শেষে উত্তরা সেন্টার পয়েন্টের স্টার সিনেপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে শাকিব খান সিনেমার বিষয়টি নিয়ে সরাসরি কথা বলেন। তিনি জানান, “আমি যখন ‘প্রিন্স’-এর গল্প শুনেছিলাম মনে হয়েছিল এটি আমার জীবনের সবচেয়ে বড় সিনেমা হবে। কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা তা করতে পারিনি। এজন্য নির্মাতাসহ সবার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।”
শাকিব খান আরও বলেন, “আমি ৩০টির বেশি গল্প শুনে একটি গল্প বেছে নিই। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল। ভারতে কাজের অনুমতি না পাওয়ায় শুটিংয়ে দেরি হয়েছে। যেখানে আমাদের সিনেমার সেট ছিল, সেট ভেঙে অন্য জায়গায় নিতে হয়েছে। ফলে ঈদের আগ পর্যন্ত কাজ করতে হয়েছে, যার কারণে সময়ের অভাবে ত্রুটি থেকে গেছে। হায়াত মাহমুদ একজন মেধাবী নির্মাতা। উপযুক্ত সময় পেলে ভালো কিছু হতো।”
তিনি উল্লেখ করেন, “আমার জীবনে এটি একমাত্র সিনেমা যার শুটিং ঈদের আগের দিন পর্যন্ত চলেছে। তাসনিয়া ফারিণের সঙ্গে আইটেম গান এবং পরী গান একদিনে শুটিং শেষ করতে হয়েছে। সবই সময়ের কারণে।”
প্রযুক্তিগত জটিলতাকেও তুলে ধরেন শাকিব। তিনি বলেন, “মুক্তির পর প্রথম পাঁচ দিন মাল্টিপ্লেক্সে সিনেমাটি চলেনি, যা বড় ধরনের ক্ষতির কারণ হয়েছে। ঈদের পর পাঁচদিন আমরা মাল্টিপ্লেক্সে ঢুকতে পারিনি। এটা কষ্টের।”
সংবাদ সম্মেলনে শাকিব খানের সঙ্গে উপস্থিত ছিলেন নির্মাতা আবু হায়াত মাহমুদ, প্রযোজক শিরিন সুলতানা, অভিনেত্রী তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু, অভিনেতা ডা. এজাজ এবং ইন্তেখাব দিনারসহ অনেকে।
