https://www.emjanews.com/

14642

surplus

প্রকাশিত

৩১ মার্চ ২০২৬ ২১:১৮

অন্যান্য

সিলেটে হামের প্রাদুর্ভাব বাড়ছে, নেই নমুনা পরীক্ষার সুবিধা

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬ ২১:১৮

ছবি: সংগৃহীত

সিলেটে সংক্রামক রোগ হাম উদ্বেগজনক হারে বাড়লেও এ অঞ্চলে আক্রান্তদের নমুনা পরীক্ষার কোনো ব্যবস্থা নেই। ফলে রোগ নির্ণয়ের জন্য সম্পূর্ণভাবে নির্ভর করতে হচ্ছে রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালের ওপর।

সাম্প্রতিক সময়ে বিভাগজুড়ে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় জনমনে ভীতির সৃষ্টি হয়েছে। গত ২৯ মার্চ একদিনেই বিভিন্ন হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হন। এর মধ্যে শহীদ শামসুদ্দীন আহমদ হাসপাতাল-এ ১৬ জন, মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতাল-এ ২ জন এবং এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ২ জন ভর্তি হন।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সহকারী পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) ডা. মোহাম্মদ নূরে আলম শামীম জানান, সিলেটে হামের নমুনা পরীক্ষা আগে কখনো হয়নি এবং বর্তমানে এ ধরনের কোনো ল্যাব সুবিধা নেই। ফলে নমুনা সংগ্রহ করে তা সুরক্ষিতভাবে আইসোলেশনে রেখে ঢাকায় পাঠানো হয়।

সিলেটের সিভিল সার্জন ডা. মো. নাসির উদ্দিন বলেন, প্রাথমিকভাবে লক্ষণ দেখে রোগী শনাক্ত করে রক্তের নমুনা মহাখালীতে পাঠানো হয় এবং চূড়ান্ত ফলাফল পেতে অন্তত সাত দিন সময় লাগে।

শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা জানান, সংক্রমণ রোধে হাসপাতাল প্রস্তুত থাকলেও স্থানীয়ভাবে ল্যাব না থাকায় রোগ নির্ণয়ে সময়ক্ষেপণ হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরবরাহ করছে।

সংশ্লিষ্টদের মতে, স্থানীয়ভাবে নমুনা পরীক্ষার ব্যবস্থা না থাকায় রোগ শনাক্ত ও নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত সিলেটে একটি পরীক্ষাগার (ল্যাব) স্থাপনের দাবি জানিয়েছেন বিভিন্ন মহল।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনে ৩৯ জনের দেহে হাম শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও বর্তমানে ২২ জন হাসপাতালে চিকিৎসাধীন এবং তিনজন শিশুর অবস্থা আশঙ্কাজনক।

আক্রান্তদের অধিকাংশই হবিগঞ্জের চুনারুঘাট, বাহুবল, মাধবপুর এবং সুনামগঞ্জের ছাতক উপজেলার বাসিন্দা। পরিস্থিতি মোকাবিলায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল-এর একটি ওয়ার্ডকে হাম আইসোলেশন সেন্টার ঘোষণা করা হয়েছে। পাশাপাশি এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর বিশেষজ্ঞদের সমন্বয়ে শিশুদের জন্য একটি বিশেষ চিকিৎসক প্যানেল গঠন করা হয়েছে।