https://www.emjanews.com/

14721

weather

প্রকাশিত

০৪ এপ্রিল ২০২৬ ১৫:২৩

আপডেট

০৪ এপ্রিল ২০২৬ ১৫:২৬

আবহাওয়া

সিলেটসহ বিভিন্ন স্থানে এপ্রিলজুড়ে তীব্র তাপপ্রবাহের আ/শ/ঙ্কা

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৫:২৩

এপ্রিলের শুরু থেকেই সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় তাপপ্রবাহের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, গতকাল অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে গেছে। চলতি মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ আঘাত হানতে পারে, পাশাপাশি কয়েক দফা মৃদু ও মাঝারি তাপপ্রবাহও দেখা দিতে পারে।

শনিবারও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে শরীয়তপুরসহ কিছু এলাকায় ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে এবং রাজধানী সংলগ্ন এলাকাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, রোববার থেকে ঝড়-বৃষ্টির প্রবণতা বাড়তে পারে, যা সাময়িকভাবে তাপমাত্রা কমাতে সাহায্য করবে।

গতকাল রাজশাহী ও খুলনা বিভাগের সব জেলাসহ ঢাকাসহ মোট ২৭ জেলায় তাপপ্রবাহ অনুভূত হয়েছে। তাপপ্রবাহে আক্রান্ত অন্য জেলাগুলোর মধ্যে রয়েছে ফরিদপুর, গোপালগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, চাঁদপুর, রাঙামাটি, বরিশাল ও পটুয়াখালী। দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর রাজশাহীতে তা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি। ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ১ ডিগ্রি, যা আগের দিনের তুলনায় বেশি।

আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি মৃদু, ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি তীব্র এবং ৪২ ডিগ্রির বেশি অতি তীব্র তাপপ্রবাহ হিসেবে ধরা হয়।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, এপ্রিল মাসে এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহের পাশাপাশি দুই থেকে চারটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বিশেষ করে উত্তরাঞ্চল, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, ঢাকা, সিলেট ও বরিশালের কিছু এলাকায় গরমের অনুভূতি বেশি থাকবে।

২০২৪ সালে দেশের ইতিহাসে দীর্ঘতম টানা তাপপ্রবাহ দেখা গেলেও এবার তেমন পরিস্থিতি হওয়ার সম্ভাবনা কম। কারণ হিসেবে তারা উল্লেখ করেছেন, চলতি মাসে একাধিক বজ্রঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে, যা তাপপ্রবাহের তীব্রতা কমাতে ভূমিকা রাখবে। সাধারণত এপ্রিল মাসে গড়ে ৯টি বজ্রঝড় হয়। এ মাসে ৫ থেকে ৭ দিন হালকা থেকে মাঝারি এবং ১ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সাগরে ১ থেকে ২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যা থেকে নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কাও থাকে।

আবহাওয়াবিদরা বলছেন, এখন তাপপ্রবাহের সময়সীমা বেড়ে সেপ্টেম্বর পর্যন্ত বিস্তৃত হচ্ছে। ফলে তাপমাত্রা তুলনামূলক স্বাভাবিক থাকলেও গরমের তীব্রতা বেশি অনুভূত হতে পারে। জুন পর্যন্ত পূর্বাভাস অনুযায়ী, তিন থেকে চারটি তীব্র এবং ছয় থেকে আটটি মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে।