ছবি: সংগৃহীত
সিলেটের ওসমানীনগরে মেলার নাম ব্যবহার করে অবৈধভাবে র্যাফেল ড্র/লটারির টিকিট বিক্রির দায়ে লিপন আহমদ নামে এক ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার ( ৩এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ব্যস্ততম গোয়ালাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা। অভিযান চলাকালে অবৈধ লটারি বিক্রির সময় হাতেনাতে লিপন আহমদকে আটক করা হয়। পরে অপরাধ স্বীকার করায় তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে একটি ব্যাটারিচালিত টমটম (প্রচারণার কাজে ব্যবহৃত) ও দুটি লটারির টিকিট বই জব্দ করা হয় ।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় মাইকিং করে বারুনী মেলার নামে লটারির টিকিট বিক্রি করা হচ্ছিল। এতে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অবৈধভাবে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ ওঠে, যা জনমনে অসন্তোষ সৃষ্টি করে।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনমুন নাহার আশা বলেন, কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড করার সুযোগ নেই। জনস্বার্থে প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ এ ধরনের কাজে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সাজা প্রদানের পর দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে ওসমানীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আটকের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) মাহমুদুল হাসান রিপন জানান, তাকে রাতেই কারাগারে পাঠানো হবে।
এদিকে, প্রশাসনের এই তাৎক্ষণিক পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। তাদের মতে, এ ধরনের অভিযান সাধারণ মানুষকে প্রতারণার হাত থেকে রক্ষা করতে সহায়ক হবে।
