সিলেটে দিবালোকে ছিনতাই: শিশুসন্তানের গলায় চাকু ধরে শিক্ষকের টাকা লুট
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ ১৯:২০
ছবি: সংগৃহীত
সিলেটে প্রকাশ্য দিবালোকে এক কলেজ শিক্ষক ছিনতাইয়ের শিকার হয়েছেন। ছিনতাইকারীরা তার তিন বছরের সন্তানের গলায় চাকু ধরে ভয় দেখিয়ে নগদ ২০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটে শনিবার (৪ এপ্রিল) বিকাল পৌনে ৩টার দিকে। বালাগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের বাংলা সাহিত্যের প্রভাষক ওহি আলম রেজা তার তিন বছরের ছেলেকে নিয়ে আম্বরখানা থেকে শাহী ঈদগাহ যাওয়ার উদ্দেশ্যে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন।
ভুক্তভোগীর ভাষ্য অনুযায়ী, অটোরিকশাটিতে আগেই চালকের সঙ্গে একজন যাত্রী ছিলেন। যাত্রা শুরুর কিছুক্ষণ পর আরও একজন যাত্রী সেখানে ওঠেন। কিছুদূর যাওয়ার পর হঠাৎ করে ওই যাত্রী তার সন্তানের দিকে চাকু ধরে তাকে চুপ থাকতে নির্দেশ দেয়। এতে আতঙ্কিত হয়ে তিনি তার সন্তানকে জড়িয়ে ধরেন।
এরপর পকেট হাতড়ে ছিনতাইকারী তার কাছ থেকে নগদ ২০ হাজার টাকা নিয়ে নেয়। ভুক্তভোগীর অভিযোগ, নির্ধারিত গন্তব্য শাহী ঈদগাহে নামিয়ে দেওয়ার কথা থাকলেও অটোরিকশা চালক আরও কিছু দূর গিয়ে হঠাৎ থেমে তাদের নামিয়ে দিয়ে দ্রুত স্থান ত্যাগ করে।
ঘটনার পর ওহি আলম রেজা বিষয়টি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি করে। অনেকেই প্রকাশ্য দিবালোকে এমন ঘটনার বিষয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং ছিনতাই রোধে কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।
এদিকে ভুক্তভোগী কলেজ শিক্ষক জানিয়েছেন, তিনি এ ঘটনায় এয়ারপোর্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে আশা করা হচ্ছে।
