ছবি: সংগৃহীত
সিলেটে সাংস্কৃতিক সংগঠন ‘চারুবাক’-এর ৩০ বছর পূর্তি উপলক্ষে আয়োজন করা হয়েছে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান।
‘আগে মানুষ হই- Be Human First’ স্লোগানকে সামনে রেখে শুক্রবার (১০ এপ্রিল) বিকাল ৪টায় নগরীর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠান শুরু হয়।
আয়োজকরা জানান, বসন্তের বিদায় ও বৈশাখের আগমনকে ঘিরে সাজানো হয়েছে এ আয়োজন। থাকবে নৃত্য, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা, যা দর্শকদের জন্য এক প্রাণবন্ত ও আনন্দঘন পরিবেশ তৈরি করবে।
অনুষ্ঠানে উদ্বোধক ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস। প্রধান অতিথি মেট্রোপলিটন ইউনিভার্সিটি, সিলেটের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক।
এছাড়া বিশেষ অতিথি থাকবেন কাউন্সিলর সাবিনা খান, যিনি যুক্তরাজ্যভিত্তিক সমাজসেবক ও নারী নেত্রী।
আয়োজকরা আরও জানান, মানবিক, উদার ও আলোকিত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে তিন দশক আগে যাত্রা শুরু করে ‘চারুবাক’। দীর্ঘ এই পথচলার ৩০ বছর পূর্তি উদযাপনেই এ বিশেষ আয়োজন।
সংগঠনটির পক্ষ থেকে সকল সংস্কৃতিপ্রেমী মানুষকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আন্তরিক আমন্ত্রণ জানানো হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজনকে ঘিরে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে সৃষ্টি হবে এক উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।
