https://www.emjanews.com/

14970

sylhet

প্রকাশিত

১৪ এপ্রিল ২০২৬ ১৯:৪৪

সিলেট

সুনামগঞ্জে জাদুকাটায় বালুধসে স্কুলছাত্র নি/হ/ত

অবৈধ বালু উত্তোলন নিয়ে উদ্বেগ

প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১৯:৪৪

ছবি: শাহ আলম

সুনামগঞ্জের তাহিরপুরে অবৈধভাবে পাড় কেটে খনিজ বালু উত্তোলনের সময় বালুধসে শাহ আলম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জাদুকাটা নদী-এর পূর্বতীর লাউরগড়ের ঢালারপাড় গ্রামসংলগ্ন আলীনুরের ঢালার উৎসমুখে ইজারাবহির্ভূত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহ আলম জেলার বিশ্বম্ভরপুর উপজেলা-র দক্ষিণ বাদাঘাটের মিয়ারচর গ্রামের বাসিন্দা সিরাজ আলীর ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল। স্কুল বন্ধ থাকায় মঙ্গলবার সে অন্যদের সঙ্গে বালু উত্তোলনের কাজে যায়।

স্থানীয় বাসিন্দা ও থানা পুলিশের তথ্য অনুযায়ী, জাদুকাটা নদীর পূর্ব তীরের লাউরগড়, ঢালারপাড়, ছাড়ারপাড়, জাঙ্গালহাটির মাথা, রাজারগাঁও ও বিন্নাকুলিসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভেকু, সেভ ও ড্রেজার দিয়ে অবৈধভাবে পাড় ও চর কেটে খনিজ বালু উত্তোলন করছে একাধিক চক্র।

জানা যায়, মঙ্গলবার ভোর থেকে শতাধিক শ্রমিক নদীর পাড় ও চর কেটে বালু উত্তোলন করছিলেন। সকাল ১০টার দিকে লাউরগড়ের ঢালারপাড় এলাকায় আলীনুরের ঢালার উৎসমুখে বালু কাটার সময় হঠাৎ বালুধসের ঘটনা ঘটে। এতে ট্রলারে থাকা অন্যদের সঙ্গে শাহ আলম চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

দুর্ঘটনার পর পুলিশকে না জানিয়েই স্থানীয়রা শাহ আলমের মরদেহ তার বাড়ি বিশ্বম্ভরপুরের মিয়ারচর গ্রামে নিয়ে যান দাফনের জন্য। পরে তাহিরপুর থানা পুলিশ খবর পেয়ে মৃতের বাড়ি থেকে লাশ উদ্ধার করে।

এ বিষয়ে তাহিরপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার প্রণয় রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে, অবৈধ বালু উত্তোলনের কারণে প্রাণহানির এই ঘটনা স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।