দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ
সরবরাহে প্রভাব পড়বে না বলছে জ্বালানি বিভাগ
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১৯:১৬
ছবি: ইস্টার্ন রিফাইনারি।
অপরিশোধিত তেলের সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি পিএলসি লিমিটেড (ইআরএল) বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কারখানাটিতে সর্বশেষ পরিশোধন কার্যক্রম সম্পন্ন হয় বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
তবে এ পরিস্থিতিতে দেশজুড়ে জ্বালানি তেলের সরবরাহ ব্যবস্থায় কোনো প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেছে জ্বালানি বিভাগ। তারা জানিয়েছে, দেশে পরিশোধিত জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে।
ইআরএলের কর্মকর্তারা জানান, কক্সবাজারের মহেশখালী এলাকার সিঙ্গেল পয়েন্ট মুরিং (এসপিএম) পাইপলাইনে জমে থাকা প্রায় ৫ হাজার টন অপরিশোধিত তেল এবং চারটি ট্যাংকের তলানিতে থাকা ডেড স্টক ব্যবহার করে সর্বশেষ পরিশোধন কার্যক্রম চালানো হয়।
প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ইআরএল সাধারণত দৈনিক গড়ে প্রায় ৪ হাজার ৫০০ টন ক্রুড তেল পরিশোধন করে থাকে। তবে সংকটের কারণে গত মাস থেকে তা কমিয়ে দৈনিক ৩ হাজার ৫০০ টনে নামিয়ে আনা হয়। সর্বশেষ ৪ মার্চ নাগাদ ব্যবহারযোগ্য মজুত ২ হাজার টনের নিচে নেমে আসে।
এ বিষয়ে ইআরএলের ব্যবস্থাপনা পরিচালক মো. শরীফ হাসনাত এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন-এর চেয়ারম্যান মো. রেজানুর রহমান-এর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের পাওয়া যায়নি।
বিপিসির তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় ৬৫ থেকে ৬৮ লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় ১৫ লাখ টন অপরিশোধিত তেল মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমদানি করে ইআরএলে পরিশোধন করা হয়।
প্রসঙ্গত, ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত ঘিরে সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির কারণে প্রায় দুই মাস ধরে অপরিশোধিত তেল আমদানি বন্ধ রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী মে মাসের প্রথম সপ্তাহে পরবর্তী চালান দেশে পৌঁছানোর কথা রয়েছে। ততদিন পর্যন্ত ইআরএল বন্ধই থাকবে বলে ধারণা করা হচ্ছে।
