জুড়ীতে কৃষক কার্ড বিতরণ: উদ্বোধন করলেন আরিফুল হক চৌধুরী
৮২১ কৃষক পেলেন সুবিধা
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১৯:৫৪
ছবি: সংগৃহীত
দেশের ৮ বিভাগের ১১ উপজেলায় কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে সিলেট বিভাগের একমাত্র উপজেলা হিসেবে জুড়ী উপজেলা-র ফুলতলা ইউনিয়নকে অন্তর্ভুক্ত করা হয়েছে পাইলট প্রকল্পে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে জুড়ীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৮২১ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।
জানা যায়, জুড়ী উপজেলার ফুলতলা ব্লকে ৮২১ জন কৃষককে তালিকাভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৬৫০ জন পুরুষ ও ১৭১ জন নারী কৃষক রয়েছেন। তবে দুইজন অসুস্থ থাকায় তাদের হিসাব খোলা সম্ভব হয়নি।
ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন তৌহিদুজ্জামান পাভেল। স্বাগত বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক মো. জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন নাসির উদ্দিন আহমেদ মিঠু (মৌলভীবাজার-১), শওকতুল ইসলাম (মৌলভীবাজার-২), মজিবুর রহমান চৌধুরী (মৌলভীবাজার-৪), সিলেট বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী, ডিআইজি সিলেট মো. মুশফেকুর রহমান, মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন, জেলা পরিষদ প্রশাসক মিজানুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুন, জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুশফিকীন নূর, সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তার, উপজেলা বিএনপির সভাপতি ও জায়ফরনগর ইউপি চেয়ারম্যান মাসুম রেজা, সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু এবং সিনিয়র সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা কৃষকদের জন্য এই কার্ড কার্যক্রমকে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন এবং এর মাধ্যমে কৃষকদের প্রণোদনা, ভর্তুকি ও বিভিন্ন সরকারি সেবা সহজলভ্য হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
