হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০৫
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬ ১৯:০৮
ছবি: সংগৃহীত
দেশে হামের প্রকোপ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১ জনের মৃত্যু সরাসরি হামে হয়েছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৮ শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়, একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে ১১০৫ শিশু। এছাড়া নতুন করে ১৭৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ শিশুর মধ্যে ৬ জনই ঢাকা বিভাগের বাসিন্দা, যা পরিস্থিতির ভয়াবহতা আরও বাড়িয়ে তুলছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩১টি শিশুর মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ১৬৪ জনের।
এছাড়া হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসা ১৮ হাজার ২৩১ জনের মধ্যে ভর্তি হয়েছেন ১১ হাজার ৬৫২ জন। তাদের মধ্যে ২ হাজার ৮৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। ইতোমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৯ হাজার ৩০৪ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, টিকাদান কার্যক্রম জোরদার করা এবং অভিভাবকদের সচেতনতা বাড়ানো ছাড়া এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা কঠিন হবে। তারা দ্রুত প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছেন।
