সিলেটের ফেঞ্চুগঞ্জে র্যাব-৯ এর অভিযানে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা ও কসমেটিক্স জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করা হয়েছে।
র্যাব-৯, সদর কোম্পানির একটি আভিযানিক দল সোমবার (১৩ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফেঞ্চুগঞ্জ থানার পালবাড়ী মোড় এলাকায় অবস্থান নেয়। পরে রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে তারা জানতে পারে, মাইজগাঁও এলাকার একটি খেলার মাঠের উত্তর পাশে পাকা সড়কের ওপর একটি ট্রাকে চোরাচালানের পণ্যসহ কয়েকজন অবস্থান করছে।
সংবাদ পেয়ে র্যাবের দলটি ঘটনাস্থলে পৌঁছালে তাদের উপস্থিতি টের পেয়ে তিনজন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় দুইজনকে আটক করা হয় এবং একজন পালিয়ে যায়।
আটককৃতরা হলেন, সিলেট জেলার শাহপরান থানার তালে পাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে মোঃ আব্দুল করিম (৩৭) এবং গোপালগঞ্জ জেলার বলাকৈর এলাকার শুকুর খাঁনের ছেলে মোঃ মোসাদ খাঁন (২১)।
র্যাব জানায়, আটককৃতদের দেখানো মতে ট্রাক থেকে ১৩৪টি বস্তায় থাকা ৪ হাজার ১২০ কেজি ভারতীয় জিরা এবং ১৬টি কার্টনে থাকা ৫ হাজার ৭৬০ পিস গোমেলা ক্রিম জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, তারা পলাতক ব্যক্তির সঙ্গে যোগসাজশে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় পণ্য দেশে এনে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রেখেছিল।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদের এবং জব্দকৃত আলামত ফেঞ্চুগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
