ছবি: আরিফুল হক চৌধুরী এমপি।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আরিফুল হক চৌধুরী আগামী ২০ ও ২১ এপ্রিল দুই দিনের সরকারি সফরে সিলেট আসছেন। নির্ধারিত সূচি অনুযায়ী তিনি জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।
সোমবার (২০ এপ্রিল) সকাল ৭টায় ঢাকার বেইলি রোডের নিজ বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়ে সকাল ৮টায় সেখানে পৌঁছাবেন। এরপর বিমানযোগে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছে জৈন্তাপুর উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন।
সফরের অংশ হিসেবে তিনি জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাম রুবেলা টিকাদান ক্যাম্পেইন-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি থাকবেন। এরপর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন।
এছাড়া জৈন্তাপুর উপজেলায় চলমান পানি ব্যবস্থাপনা ও কৃষি উন্নয়ন প্রকল্পসহ অন্যান্য কার্যক্রম সরেজমিনে দেখবেন।
দুপুরে তিনি কোম্পানীগঞ্জ উপজেলায় যাবেন এবং সেখানে প্রস্তাবিত ক্রাশার জোন, ট্রাক স্ট্যান্ড, মাদ্রাসা ট্রেনিং সেন্টারের স্থান পরিদর্শনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প ঘুরে দেখবেন। পাশাপাশি ভোলাগঞ্জ-দয়ারবাজার-ভাটরাই সড়কের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
বিকেলে সিলেটে নিজ বাসভবনে ফিরবেন এবং রাতযাপন করবেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে তিনি সিলেট আদালতে হাজিরা প্রদান করবেন। পরে রাতের দিকে পুনরায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
সফর উপলক্ষে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।
