ছবি: খন্দকার আব্দুল মুক্তাদির এমপি।
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সোমবার (২০ এপ্রিল) এক সরকারি সফরে সিলেট আসছেন। দিনব্যাপী এ সফরে তিনি উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প পরিদর্শন, গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ এবং ক্রীড়া সামগ্রী বিতরণসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় তিনি শামসুদ্দিন হাসপাতাল এবং নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ভবন পরিদর্শন করবেন।
এরপর সকাল ১০টায় সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬’-এর শুভ উদ্বোধন করবেন।
সকাল সাড়ে ১০টায় সিলেট সার্কিট হাউজে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বিএডিসি, পানি উন্নয়ন বোর্ড, বন বিভাগ এবং এলজিইডি’র কর্মকর্তাদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমন্বয় সভায় অংশ নেবেন তিনি।
পরে বেলা সাড়ে ১১টায় প্রধানমন্ত্রীর সম্ভাব্য সিলেট সফর উপলক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে একটি প্রস্তুতিমূলক সভায় যোগ দেবেন মন্ত্রী।
দিনের শেষ কর্মসূচিতে, দুপুর ১২টা ১৫ মিনিটে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে ৩৬টি স্পোর্টস একাডেমির মধ্যে খেলার সামগ্রী বিতরণ করবেন তিনি।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের এই সফরকে ঘিরে সিলেট জেলায় প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
