ছবি: সিসিক
সিলেট নগরের ৩১ নম্বর ওয়ার্ডের মুরাদনগর এলাকা পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে এলাকার বিভিন্ন সড়ক, ড্রেন ও অবকাঠামোগত উন্নয়ন কাজের বর্তমান অবস্থা পরিদর্শন করেন। পরিদর্শনকালে সিসিক প্রশাসক এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের কাছ থেকে নাগরিক সমস্যার কথা শোনেন। এ সময় স্থানীয়রা সড়ক সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন। প্রশাসক এসব সমস্যা গুরুত্বসহকারে শুনে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত সমাধানের আশ্বাস দেন।
নগরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, `আমরা একটি বাসযোগ্য, আধুনিক ও পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছি। তবে সিটি কর্পোরেশনের একার পক্ষে সবকিছু করা সম্ভব নয়। নাগরিকদের সম্মিলিত সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সফল করা কঠিন।'
তিনি আরও বলেন, পর্যায়ক্রমে প্রতিটি ওয়ার্ডে উন্নয়ন কার্যক্রম জোরদার করা হবে এবং নাগরিকদের মৌলিক সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজের মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন কাজ সম্পন্ন করার নির্দেশ দেন। একই সঙ্গে চলমান প্রকল্পগুলোর অগ্রগতি নিয়মিত তদারকির ওপর গুরুত্বারোপ করেন।
পরিদর্শনকালে সিসিকের ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী মো. আলী আকবর, ৩১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. তাহির আলী, সিসিকের সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, জনসংযোগ কর্মকর্তা নেহার রঞ্জন পুরকায়স্থ, উপ-সহকারী প্রকৌশলী খায়রুল হাসান অপু, মো. মাহবুবুর রহমানসহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
