https://www.emjanews.com/

15241

national

প্রকাশিত

২৫ এপ্রিল ২০২৬ ২২:২১

জাতীয়

সিলেটসহ সকল রুটে নতুন বাসভাড়া প্রকাশ

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ ২২:২১

ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে বাসভাড়া সমন্বয়ের পর আন্তজেলা ও দূরপাল্লার রুটের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ (বিআরটিএ)।

শনিবার (২৫ এপ্রিল) সংস্থাটির ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়।

নতুন নির্ধারণ অনুযায়ী, ঢাকা (সায়েদাবাদ)–সিলেট রুটে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা। জ্বালানি মূল্য সমন্বয়ের পর সিলেটগামী যাত্রীদের জন্য এটিই নতুন কার্যকর ভাড়া।

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৫৫২ টাকা  এবং ৪০ আসনের বাসে ৭০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। ঢাকা-কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ভাড়া ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। দীর্ঘতম রুট সায়েদাবাদ-টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

গাবতলী ও মহাখালী টার্মিনাল থেকেও বিভিন্ন রুটে নতুন ভাড়া কার্যকর হয়েছে। এর মধ্যে ঢাকা-রংপুর, রাজশাহী, দিনাজপুর, পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের রুট এবং ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জসহ বিভিন্ন রুটের ভাড়াও পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়। এতে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা নির্ধারণ করা হয়। পরবর্তীতে ২৩ এপ্রিল বাসভাড়া সমন্বয় করে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন হিসেবে আন্তজেলায় প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

উল্লেখ্য, ভাড়ার বিস্তারিত তালিকা প্রকাশে বিলম্ব হওয়ায় গত কয়েকদিন দূরপাল্লার বাসগুলোতে অতিরিক্ত ভাড়া আদায় নিয়ে যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। নতুন তালিকা প্রকাশের ফলে এ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।