প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন
প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬ ২০:০৬
ছবি: উপদেষ্টা মাহদী আমিন।
দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ কোটি শিক্ষার্থীর জন্য পর্যায়ক্রমে উন্নতমানের টিফিন বা মিড-ডে মিল চালুর পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেনে ‘দ্যা বিজনেস স্ট্যান্ডার্ড’ অডিটোরিয়ামে বায়োটেড আয়োজিত ‘ফ্রম জিনোম টু বায়োইকোনমি: ২০৩০ সালের মধ্যে বাংলাদেশের বায়োটেকনোলজি সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা মাহদী আমিন বলেন, শিক্ষার্থীদের জন্য সরবরাহকৃত খাবার যাতে মানসম্মত, পুষ্টিগুণসম্পন্ন এবং দীর্ঘসময় সংরক্ষণযোগ্য হয়, সেজন্য আধুনিক প্রযুক্তিনির্ভর গবেষণার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বর্তমানে টিফিন হিসেবে বাটার বন বা কলার মতো খাবার দেওয়া হলেও এগুলো দ্রুত নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই সাশ্রয়ী মূল্যে দীর্ঘস্থায়ী ও পুষ্টিকর খাবার উদ্ভাবনের ওপর জোর দেওয়া হচ্ছে, যাতে শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিতের পাশাপাশি অপচয়ও কমানো যায়।
তিনি আরও বলেন, দেশের প্রচলিত শিক্ষা ব্যবস্থায় তাত্ত্বিক জ্ঞানের তুলনায় ব্যবহারিক প্রয়োগে ঘাটতি রয়েছে। এ কারণে পাঠ্যক্রম সংস্কার করে তরুণ প্রজন্মকে ট্রান্সফারেবল ও টেকনিক্যাল স্কিল অর্জনের সুযোগ তৈরি করতে হবে।
শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে মাহদী আমিন বলেন, ইন্ডাস্ট্রি-একাডেমিয়া কোলাবোরেশনের মাধ্যমে বায়োটেকনোলজির মতো খাতে তরুণদের জন্য ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
তিনি গবাদিপশুর ভ্যাকসিন উৎপাদনেও স্বনির্ভরতা অর্জনের ওপর গুরুত্ব দেন। আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় ইকোসিস্টেম গড়ে তোলা গেলে জীবনরক্ষাকারী ওষুধ এবং ক্যান্সার গবেষণায় অগ্রগতি সম্ভব বলে উল্লেখ করেন তিনি। পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ভোজ্যতেল ও চিনির মতো পণ্যে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বিটরুট ও সরিষার উৎপাদন বাড়াতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথাও বলেন।
বিদেশে অবস্থানরত দেশের মেধাবীদের প্রসঙ্গে তিনি বলেন, ‘ব্রেন ড্রেন’ বন্ধ করে ‘ব্রেন সার্কুলেশন’ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রবাসী গবেষক ও একাডেমিকদের জয়েন্ট রিসার্চ ও স্বল্পমেয়াদি কোর্সের মাধ্যমে দেশের গবেষণা ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
মাহদী আমিন আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকারের রাজনৈতিক সদিচ্ছা ও প্রধানমন্ত্রীর সময়োপযোগী দিকনির্দেশনায় বায়োটেকনোলজির সঠিক ব্যবহারের মাধ্যমে দেশের মানুষের জীবনমান উন্নয়ন ও ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ, বায়োটেডের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ সৌগাতুল ইসলামসহ সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও নীতিনির্ধারকরা বক্তব্য রাখেন।
