সিলেট বিভাগে হাম ও রুবেলার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ শিশুর মৃত্যু হয়েছে এবং আরও ২৩ জনে হাম শনাক্ত হয়েছে। এদের মধ্যে একজন শহীদ শামসুদ্দিন হাসপাতালে এবং আরেকজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
শনিবার (২৫ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ল্যাব পরীক্ষায় নতুন করে ২৩ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বিভাগে মোট ল্যাব নিশ্চিত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। জেলাভিত্তিক হিসেবে সিলেটে ২৬ জন, সুনামগঞ্জে ৩২ জন, মৌলভীবাজারে ১৫ জন এবং হবিগঞ্জে ৭ জন আক্রান্ত হয়েছেন।
সংক্রমণের পাশাপাশি হাসপাতালে রোগীর চাপও বাড়ছে। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১৬৯ জন সন্দেহভাজন হামের রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৯০ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। মৌলভীবাজার ও সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালেও আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে।
স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, চলতি বছরে এখন পর্যন্ত সন্দেহজনক হামে মোট মৃত্যু হয়েছে ৯ জনের, যার মধ্যে একজনের মৃত্যু ল্যাব পরীক্ষায় নিশ্চিত হয়েছে।
