https://www.emjanews.com/

15383

national

প্রকাশিত

০২ মে ২০২৬ ১৮:৪৯

জাতীয়

রোববার শুরু ডিসি সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ০২ মে ২০২৬ ১৮:৪৯

ছবি: সংগৃহীত

রাজধানীতে রোববার (৩ মে) থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬। এবারের সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনে দেশের সব জেলা প্রশাসক অংশ নেবেন।

শনিবার (২ মে) বিকেলে সচিবালয়ের মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় সরকারের নীতি, উন্নয়ন কর্মসূচি এবং মাঠ প্রশাসনের জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা, নির্দেশনা গ্রহণ ও সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে জেলা প্রশাসক সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এবারের উদ্বোধনী অনুষ্ঠান আগামীকাল সকাল সাড়ে ১০টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সংবাদ সম্মেলনে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব হুমায়ুন কবির জানান, এবারের সম্মেলনের বিশেষত্ব হলো- গতবারের তুলনায় একদিন বাড়িয়ে চারদিনব্যাপী আয়োজন করা হয়েছে। সম্মেলনে মোট ৩৪টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি কার্য অধিবেশন এবং অংশগ্রহণকারী মন্ত্রণালয় ও বিভাগের সংখ্যা ৫৬টি।

তিনি বলেন, মাঠ প্রশাসন থেকে মোট ১ হাজার ৭২৯টি প্রস্তাব পাওয়া গেছে। এর মধ্যে ৪৯৮টি কার্যপত্রে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে বেশি ৪৪টি প্রস্তাব এসেছে স্বাস্থ্যসেবা বিভাগ সম্পর্কিত।

এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে রয়েছে ভূমি ব্যবস্থাপনা, আইন-শৃঙ্খলা, স্থানীয় সরকার, দুর্যোগ ব্যবস্থাপনা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা, ই-গভর্নেন্স, শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন এবং উন্নয়ন কার্যক্রম পরিবীক্ষণ।

সম্মেলন চলাকালে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, জাতীয় সংসদের স্পিকার এবং প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ হবে ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টায়, স্পিকারের সঙ্গে ৪ মে সন্ধ্যা ৭টায় এবং প্রধান বিচারপতির সঙ্গে ৫ মে বিকেল ৪টায়।

নাসিমুল গনি আরও জানান, গত বছর ডিসি সম্মেলনের বাজেট ছিল ১ কোটি ৭৩ লাখ টাকা। এবার ব্যয় সংকোচনের অংশ হিসেবে বাজেট কমিয়ে ৭১ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, ‘যেসব খাতে ব্যয় কমানো সম্ভব, সেসব খাত চিহ্নিত করে বাজেট কমানো হয়েছে।’

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, সম্মেলন চলাকালে মিডিয়া কর্নার থাকবে এবং প্রতিটি সেশনের পর সাংবাদিকদের ব্রিফ করা হবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, এবারের ডিসি সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনের আইনগত, প্রশাসনিক ও আর্থিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে এবং জনসেবা ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে।