দায়িত্ব গ্রহণের পর আবারও সেই সিলেটেই আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখান থেকে শুরু হয়েছিলো তার নির্বাচনী প্রচারণা। শনিবার (২ মে) সকালে তার এই সফরকে ঘিরে পুরো সিলেটজুড়ে প্রস্তুতি নেওয়া হয়েছে। দিনভর বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সকাল সাড়ে ১০টায় হযরত শাহজালাল (রহ.) এর মাজারে যাবেন এবং জিয়ারত করবেন।
এরপর সকাল ১১টায় সার্কিটহাউস সংলগ্ন সুরমা নদীর চাঁদনীঘাট এলাকায় গিয়ে জলাবদ্ধতা নিরসনে সিলেট সিটি করপোরেশনের গৃহীত একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরে নগর ভবন চত্বরে সুধী সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে।
সকাল পৌনে ১২টায় তিনি সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে অবস্থিত বাসিয়া নদী খনন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেবেন এবং দুপুর ১২টায় প্রকল্পটির উদ্বোধন করবেন।
বেলা দেড়টায় তিনি সার্কিট হাউসে ফিরে স্বল্প বিরতি নেবেন।
বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।
বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। দিনশেষে সন্ধ্যা ৭টায় তিনি আকাশপথে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন।
