‘লন্ডনের রেস্টুরেন্টে বসে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর সিদ্ধান্ত নিয়েছিলাম’
প্রকাশ: ০২ মে ২০২৬ ১৭:৪১
লন্ডনের এক রেস্টুরেন্টে বসে খাবার টেবিলে আলাপচারিতার মাঝেই বাংলাদেশে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালুর পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (২ মে) বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামে জাতীয় পর্যায়ের এই মেগা ক্রীড়া কর্মসূচির উদ্বোধনকালে তিনি এই চমকপ্রদ তথ্য জানান।
উদ্বোধনকালে নিজের স্মৃতির কথা তুলে ধরে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, “আমি তখন লন্ডনে থাকতাম। তখন আমার সাথে তোমাদের আন্টি (তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান), আমিনুল (বর্তমান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক) ও কয়সার গিয়েছিল। তখন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করছিলাম। একপর্যায়ে আমরা খাবার টেবিলে বসে স্পোর্টস নিয়ে কথা বলতে বলতে ঠিক করলাম আমরা ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ চালু করব বাংলাদেশে।”
মাঠে উপস্থিত শিশু-কিশোরদের উৎসাহিত করে প্রধানমন্ত্রী বলেন, "এটা হচ্ছে আজকে তোমাদের অনুষ্ঠান। আমি চাই এই যে তোমরা যারা এখানে বসে আছো, সারা বাংলাদেশে আজকে যারা স্টেডিয়ামগুলোতে বসে আছো ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ তোমরা স্পোর্টসের মাধ্যমে সারা বাংলাদেশকে পৃথিবীর সামনে তুলে ধরবে। তোমরা প্রত্যেকে একেকজন বাংলাদেশের ‘অ্যাম্বাসেডর’ হবে।"
ভবিষ্যৎ নেতৃত্বের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, "তোমাদেরকে বাংলাদেশের দায়িত্ব নিতে হবে, কারণ ইউ আর দি ফিউচার, তোমরাই হচ্ছো বাংলাদেশের ভবিষ্যৎ। তোমাদের মধ্য থেকে ইনশাআল্লাহ ভবিষ্যতে আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি হবে। বড় বড় ডাক্তার, ল-ইয়ার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট তৈরি হবে। এবং তোমাদের ভেতর থেকে ভবিষ্যতে নেতৃত্ব তৈরি হবে, এই দেশকে তোমরা নেতৃত্ব দেবে, তোমরা এই দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।"
এর আগে বিকেল সাড়ে ৪টায় প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। তবে এর আগে থেকেই পুরো স্টেডিয়াম জুড়ে ছিল উৎসবের আমেজ। বিকেল পৌনে ৪টায় জাতীয় সঙ্গীতের ইনস্ট্রুমেন্টাল সুর বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীসহ গ্যালারিতে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও সিলেটের সর্বস্তরের মানুষ দাঁড়িয়ে জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা জানান। এরপর পবিত্র কোরআন, গীতা, ত্রিপিটক ও বাইবেল থেকে পাঠ করেন শিক্ষার্থীরা।
.jpg)
অনুষ্ঠানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর ওপর একটি প্রামাণ্যচিত্র পরিবেশন করা হয়। যেখানে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইতিহাস ও বিকাশের সাথে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের বিষয়টি উঠে আসে। পরে ৮টি খেলার চোখ ধাঁধানো প্রদর্শনী পরিবেশন করেন বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) ১০৫ জন শিশু-কিশোর শিক্ষার্থী।
উদ্বোধনের আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, নির্বাচনী ইশতেহারে ক্রীড়া খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সরকার তা বাস্তবায়নে কাজ করছে। এরই অংশ হিসেবে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ অদেখা প্রতিভা খুঁজে বের করার একটি বড় প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।
এই কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা অংশ নিতে পারবে। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন, দাবা, অ্যাথলেটিক্স, সাঁতার ও মার্শাল আর্ট- এই ৮টি খেলাকে কেন্দ্র করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরো প্রতিযোগিতাকে ১০টি অঞ্চলে ভাগ করা হয়েছে। আগামী ১৩ থেকে ২২ মে’র মধ্যে আঞ্চলিক পর্যায়ের সব কার্যক্রম শেষ করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, মেধাবী শিশু-কিশোরদের বিকাশে ১৯৭৬ সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান ‘নতুন কুঁড়ি’ সাংস্কৃতিক প্রতিযোগিতার সূচনা করেছিলেন। দীর্ঘ সময় বন্ধ থাকার পর সেই জনপ্রিয় ব্র্যান্ডটিকেই এবার প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে ক্রীড়াঙ্গনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ হিসেবে ফিরিয়ে আনা হলো। এ আয়োজনের মাধ্যমে সিলেটের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান, বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এমএ মালিক, সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারসহ সিলেট জেলা ও মহানগর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
