ছবি: সংগৃহীত
বাংলাদেশের চা-শ্রমিক সম্প্রদায়ের দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ ও মানবেতর জীবনযাপনের বাস্তব চিত্র তুলে ধরতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মঞ্চস্থ হয়েছে পথনাটক ‘১৭০ টাকা’।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শুক্রবার (১ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) সংলগ্ন পায়রা চত্বরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষাবর্ষের সাংস্কৃতিক কর্মীদের অংশগ্রহণে নাটকটি মঞ্চস্থ হয়।
আয়োজকরা জানান, নাটকটির মাধ্যমে চা-শ্রমিকদের জীবনসংগ্রামের এক ‘অস্বস্তিকর কিন্তু বাস্তব’ চিত্র দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে।
নাটকের শুরুতেই ‘চল মিনি আসাম যাবো, দেশে বড় দুখ রে’ গান পরিবেশনের মাধ্যমে চা-শ্রমিকদের ইতিহাস, বাস্তুচ্যুতি ও দীর্ঘদিনের কষ্টের প্রেক্ষাপট তুলে ধরা হয়। পরে কাহিনির বিভিন্ন অংশে শ্রমিকদের অপ্রতুল মজুরি, স্বাস্থ্যঝুঁকি, শিক্ষাবঞ্চনা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা দাসত্বসদৃশ জীবনযাপন ফুটিয়ে তোলা হয়।
নাটকের মাঝামাঝি সময়ে ‘মালিক সম্প্রদায়’ বা শোষণমূলক ব্যবস্থার প্রতীকী চরিত্রের উপস্থিতির মাধ্যমে চা-বাগানের শ্রমিকদের ওপর চলমান নিপীড়ন ও অমানবিক শ্রমপরিবেশ তুলে ধরা হয়। ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানে থেমো না’ গান দিয়ে নাটকটির সমাপ্তি ঘটে।
নাটকটির লেখক ও নির্দেশক মুবাশ্বির মাহমুদ নিবিড় বলেন, ‘দেশের অন্যতম পিছিয়ে পড়া জনগোষ্ঠী হিসেবে চা-শ্রমিকরা এখনো ন্যূনতম মানবিক জীবন থেকে বঞ্চিত। স্বাস্থ্য, শিক্ষা ও নাগরিক অধিকার-সব ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার।’
তিনি আরও বলেন, ‘আমরা সংস্কৃতির মানুষ, আমাদের কাজ প্রশ্ন তোলা। এই নাটকের মাধ্যমে আমরা সেই প্রশ্নই তুলেছি, এর উত্তর রাষ্ট্র ও সমাজকে দিতে হবে।’
নাটকের মাধ্যমে চা-শ্রমিকদের জন্য কয়েকটি দাবি তুলে ধরেন আয়োজকরা। দাবিগুলোর মধ্যে রয়েছে—ন্যায্য ও বাস্তবসম্মত মজুরি কাঠামো প্রণয়ন, প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নারী শ্রমিকদের জন্য নিরাপদ মাতৃত্বকালীন সুবিধা, চা-বাগানের শিশুদের জন্য মানসম্মত শিক্ষা ব্যবস্থা এবং চা-শ্রমিকদের পূর্ণ নাগরিক অধিকার ও জমির মালিকানা প্রদান।
অভিনয়ে অংশ নেওয়া ওহিদুজ্জামান টনি বলেন, ‘চা-শ্রমিকদের জীবনমান উন্নয়ন কোনো দয়া বা সহানুভূতির বিষয় নয়, এটি রাষ্ট্রের দায়িত্ব। বাংলাদেশের নাগরিক হয়েও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
নাটকে আরও অভিনয় করেন নিলয় বালা, আফরীনা আবতাহি আতীশা, তাসনিয়াদ শাওলিন, নাহিদ আলম ও তাসকিন খাঁন।
